লংমার্চে ইমরান খান গুলিবিদ্ধ, অল্পের জন্য প্রাণরক্ষা

লংমার্চে ইমরান খান গুলিবিদ্ধ, অল্পের জন্য প্রাণরক্ষা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:০৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চকালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার এক পায়ে গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান খানের কর্মী-সমর্থকদের বরাতে এ খবর দিয়েছে স্কাই নিউজ।

আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পিটিআই। গত ২৮ অক্টোবর থেকে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু হয়। লাখো সমর্থক নিয়ে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন ‘কাপ্তান’ ইমরান খান।

কেমন আছেন ইমরান খান

তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান ইসমাইল জানিয়েছেন, ‘ইমরান খানের ডান পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। তাঁকে ডান পায়ে ব্যান্ডেজ বেঁধে ঘটনাস্থল ছাড়তে দেখা গিয়েছে। তাঁকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত হয়েছেন তাঁর সহকারীও।’

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে তাঁর ‘স্বাধীনতা’ পদযাত্রা চলছিল। জাফর আলি চকের কাছে অজ্ঞাত এক আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে।

কী বলছে দেশটির গণমাধ্যম

বর্তমানে পাকিস্তান জুড়ে ‘লং মার্চ’ করছেন সাবেক প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান দলের নেতা। পদযাত্রায় একটি ট্রাকের সঙ্গে সংযুক্ত কনটেইনারে থাকছেন ইমরান।

দেশটির গণমাধ্যম বলছে, এদিন ওই কনটেইনারের উপর উঠে ভাষণ দিচ্ছিলেন ইমরান। ওই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।’

স্থানীয় সূত্রের খবর, ইমরানের সঙ্গে আরও নয়জন আহত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী ফয়দল জাভেদ, ফাওয়াদ চৌধুরীও আছেন বলে শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

আপাতত ইমরান খান বিপদ মুক্ত বলেই জানা গিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আল্লা আমাকে আরেকটি জীবন দিয়েছেন। ইনশাআল্লাহ আমি লড়াই করব।’

তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এই হামলাকে ‘প্রাণঘাতী এবং কাপুরুষোচিত’ বলেছে। তারা জানিয়েছে, লাহোরের লিবার্টি চকে এই হামলার প্রতিবাদ জানানো হবে।

পাক মন্ত্রী মহম্মদ বশরাত রাজা জানিয়েছেন, ‘পাক পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। আততায়ীকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।’

টুইট করে মহম্মদ বশরাত রাজা বলেছেন, ‘ইমরান খান সুরক্ষিত আছেন। কন্টেইনারের কাছে গুলির ঘটনার দিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী। আইজি পাঞ্জাবের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা হবে।’

ইমরান খানের উপর এই হামলা উসকে দিয়েছে বেনজির ভুট্টো হত্যার স্মৃতি। ২০০৭ সালে ভোটের প্রচারের সময় রাওয়ালপিন্ডিতে দুষ্কৃতি হামলায় প্রাণ গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রীর। তাঁর সভা লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তারপরই আত্মঘাতী বোমা হামলাও হয়।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading