বাংলাদেশের ম্যাচ নিয়ে আইসিসির বিরুদ্ধে আঙুল তুললেন আফ্রিদি

বাংলাদেশের ম্যাচ নিয়ে আইসিসির বিরুদ্ধে আঙুল তুললেন আফ্রিদি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৪০

ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ মানেই যেন নতুন বিতর্কের রসদ। মাঠের ক্রিকেটের ঘটনার সঙ্গে সোশ্যাল মিডিয়া-সব জায়গাতেই অন্যরকম একটা উন্মাদনা ছুঁয়ে যায়। অ্যাডিলেড ওভালে গত বুধবারের ম্যাচের পরও দেখা মিলল সেই একই দৃশ্যের।

বিশেষ করে ইন্ডিয়া ফেক ফিল্ডিং আর বৃষ্টির পর ভেজা মাঠে খেলা শুরু নিয়ে উত্তাল চারপাশ। এবার সেই আগুনে যেন ঘি ঢাললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

পাকিস্তানের ‘সামা টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি জানালেন, দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ইন্ডিয়ার দিকে পক্ষপাত ছিল আইসিসির। ইন্ডিয়া সেমিফাইনালে যেতেই নাকি এমন সব সিদ্ধান্ত আম্পায়ারদের, এমনটাই দাবি তারকা এই অলরাউন্ডারের।

আফ্রিদি বলেন, টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ইন্ডিয়ার দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ইন্ডিয়া ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।

আফ্রিদি আরো বলেন, আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ইন্ডিয়া খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত।

ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানো লিটন দাসের প্রশংসা করতেও ভুলেননি আফ্রিদি। বলেছেন, লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২-১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading