দেশে পর্যাপ্ত মান‌সিক রোগ বিশেষজ্ঞ নেই: সায়মা ওয়াজেদ

দেশে পর্যাপ্ত মান‌সিক রোগ বিশেষজ্ঞ নেই: সায়মা ওয়াজেদ

উত্তরদক্ষিণ । রবিবার, ০৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫৪

‘রোগীর তুলনায় আমা‌দের দে‌শে পর্যাপ্ত মান‌সিক রোগ বিশেষজ্ঞের সংকট রয়েছে। এমনকি যারা আছেন, সেসব চিকিৎসকদের জন্যও পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই।’ জানিয়েছেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ পুতুল।

তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্য নিয়ে এম‌নি‌তে আমাদের গবেষণা খুবই কম। চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য নিয়ে প্রয়োজেনীয় প্রশিক্ষণ পাচ্ছেন না। তাদের এই বিষয়ে আরও অনেক বে‌শি প্রশিক্ষণ দরকার।’

রোববার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত থেকে সায়মা ওয়াজেদ পুতুল এসব কথা বলেন।

বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে রেগুলেটরি কমিটি থাকা দরকার, অথচ তা নেই ব‌লে জানান সায়মা ওয়া‌জেদ পুতুল।

তিনি ব‌লেন, গত ১৫ বছরেও তা হয়নি। এই ক‌মি‌টি না থাক‌লে আমরা বুঝতে পারবো না, কে বা কারা উপযুক্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসা দি‌চ্ছেন।

আশাবাদী হ‌য়ে তিনি বলেন, আমাদের মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে, কেবল এটিকে আরো উন্নত করতে হবে। মানসিক স্বাস্থ্য চিকিৎসা কোনো দেশেই খুব ভালো নেই। আমা‌দের দে‌শে এটি নি‌য়ে কাজ করার অনেক সুযোগ র‌য়েছে।

সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞের স্বল্পতা প্রকট। পাশাপাশি মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে আইন, নীতিমালা ও কৌশলপত্র প্রণয়নসহ বাংলাদেশের বেশ কিছু কাজ রয়েছে। এখন প্রয়োজন তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি জনগণের ভেতরে মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাও জরুরি।

তিনি বলেন, যেকোনো হাসপাতালে সার্ভিস সেন্টার না থাকলে, ভা‌লো চিকিৎসা হবে না। তাই, শুধু নতুন হাসপাতাল করে কোনো লাভ নেই। হাসপাতালে বেড বাড়া‌নোর পাশাপা‌শি আমা‌দের বেশি দরকার হ‌চ্ছে যারা চিকিৎসা সেবা দি‌চ্ছেন, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading