গুলিবিদ্ধ হওয়ার জায়গা থেকেই ফের লং মার্চের ঘোষণা ইমরান খানের
উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১২:২১
গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকেই ফের লং মার্চ শুরুর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের বরাতে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
ইমরান খান বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের লং মার্চ আগামী মঙ্গলবার–যেখানে আমাকে এবং আরও ১১ জনকে গুলি করা হয়েছিল, মোয়াজ্জেম শহীদ হয়েছিল সেখান থেকেই শুরু হবে।’
‘আমি এখান (লাহোর) থেকেই লং মার্চে ভাষণ দেব এবং আমাদের লং মার্চ ১০ থেকে ১৪ দিন পর অবশ্য নির্ভর করে লং মার্চ কোন গতিতে আগাচ্ছে। লং মার্চ রাওয়ালপিন্ডি পৌঁছবে’, বলেন ইমরান খান।
এর আগে, ইমরান খান বলেছিলেন, ‘আল্লাহ আমাকে একটি নতুন জীবন দিয়েছেন এবং আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে, আমি আমার লড়াই চালিয়ে যাব। আপনারা প্রস্তুত হন। আমাকে হত্যা করার জন্য চারজন লোক রুদ্ধদ্বার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি আমি আগেই জাতিকে জানিয়েছিলাম। সেজন্য আমি সেই চারজনের নাম উল্লেখ করে একটি ভিডিও রেকর্ড করেছি।’
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভিতে ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ট্রাকের উপরে উঠে প্রতিবাদ মিছিল করছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেসময় এলোপাথারি গুলি চালানো শুরু হয়। ইমরান খানের পায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে লাহোরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইউডি/এআই

