বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা
উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১২:২৫
ফেসবুকের মালিকানা কোম্পানি মেটা বড় ধরনের ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। চলতি সপ্তাহেই এই ছাঁটাই কার্যক্রম শুরু হতে পারে এবং এটি হাজার হাজার কর্মীকে প্রভাবিত করতে পারে।
প্রভাবশালী আমেরিকার সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে সোমবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রবিবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এতে কয়েক হাজার কর্মীর চাকরি চলে যেতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে বলা হয়েছে, বুধবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে কোম্পানিটি।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মেটা।
অক্টোবরে মেটা’র পূর্বাভাসে আগামী কয়েক মাস মুনাফা কমে যাওয়া এবং শেয়ারের মূল্য ৬৭ বিলিয়ন কমে যাওয়ার আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। চলতি বছরে কোম্পানিটি হাজার কোটি ডলার মূল্য হারিয়েছে।
এমন সময় কর্মী ছাঁটাইয়ের খবর সামনে এলো যখন বিশ্বের মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি, টিকটকের সঙ্গে প্রতিযোগিতা এবং অ্যাপলের গোপনীয়তায় পরিবর্তন এবং মেটাভার্স প্রকল্পে ব্যাপক বিনিয়োগ এবং নজরদারির হুমকির কারণে আয় কমছে মেটার।
কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, মেটাভার্স প্রকল্পে বিনিয়োগের ফল আসতে কয়েক দশক লাগতে পারে। এর আগে তাকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে, প্রকল্প বাতিল করতে হবে এবং ব্যয় কমাতে টিম পুনরায় সংগঠিত করতে হবে।
জুন মাসে কোম্পানিটি ইঞ্জিনিয়ার নিয়োগ অন্তত ৩০ শতাংশ কমানোর পরিকল্পনা করেছিল। জাকারবার্গ কর্মীদের অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্ক করেছিলেন।
ইউডি/কেএস

