অবৈধ সম্পদ অর্জন: সম্রাটের বিরুদ্ধে পেছালো অভিযোগ গঠন

অবৈধ সম্পদ অর্জন: সম্রাটের বিরুদ্ধে পেছালো অভিযোগ গঠন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৪৯

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটে অভিযোগ গঠন শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এদিন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সে মোতাবেক সম্রাট আদালতে হাজিরা দেন। তার পক্ষের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৪ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১৮ মে দুর্নীতি এ মামলায় সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এর আগে, গত ১১ মে ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেন।

গত ১১ এপ্রিল ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার মাদক মামলায় জামিন মঞ্জুর করেন। গত ১০ এপ্রিল ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অর্থপাচার মামলায় ও অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ২০১৯ সালের ১২ নভেম্বর বাদী হয়ে মামলাটি করেন দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading