মানুষ নাকি রোবট, ২৪ ঘণ্টায় ৬৯৩১টি কিউব সমাধান!
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১০:৩৫
ব্রিটেনের যুবক জর্জ স্কোলি। বয়স মাত্র ২০ বছর। ২৪ ঘণ্টায় ৬৯৩১টি কিউবের সমাধান করে বিশ্বরেকর্ড গড়েছেন এই যুবক। নাম উঠেছে গিনেস বুকেও। এটিই এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ঘূর্ণায়মান ধাঁধা কিউব সমাধানের রেকর্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দিবসে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তার রেকর্ড শেষ করেন জর্জ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রধান সম্পাদক ক্রেগ গ্লেনডে তাকে অফিসিয়াল রেকর্ড সার্টিফিকেট প্রদান করেন।
জর্জ যুক্তরাজ্যের কিউবিং চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশন অনুসারে বিশ্বের সেরা স্পিডকিউবারদের একজন হিসাবে বিবেচিত।তারপরও এই বিশাল অর্জন তার জন্য মোটেই সহজ ছিল না।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পুরো ২৪ ঘণ্টা লন্ডনের একটি হোটেল রুমে অবস্থান করে জর্জ প্রায় সাত হাজার কিউব সমাধান করেন। এ সময় তিনি তার এই কার্যক্রম লাইভ স্ট্রিমিং করেছেন, যাতে তার ভক্তরা কিউব গণনা ও এর অগ্রগতি পরীক্ষা করতে পারে।
এর আগের রেকর্ডটি ছিল কানাডার এরিক লাইমব্যাকের। ২০১৩ সালে তিনি ২৪ ঘণ্টায় ৫,৮০০ কিউব সমাধান করেছিলেন। তার গড় ছিল ১৪.৮৯ সেকেন্ড। সেই রেকর্ড ভাঙতে জর্জকে প্রতি সেকেন্ডের দিকে নজর রাখতে হয়েছে। তার গড় ছিল মাত্র ১২ সেকেন্ড। যা অবিশ্বাস্য। প্রথম ঘণ্টায় জর্জ ৩২৭টি কিউবের সমাধান করেন।
কিন্তু জর্জের কঠিন অংশ ছিল শেষের ১২ ঘণ্টা। তিনি বলেন, আমি বেশ নিষ্প্রভ বোধ করছিলাম এবং অন্য সবাই খুব উত্তেজিত ছিল। তিনি বলেন, এটি বেশ চ্যালেঞ্জিং অংশ ছিল। কারণ সেই মুহুর্তে আমার কোনও ধারণা ছিল না যে এটি কীভাবে যাবে।

প্রযুক্তিগত সমস্যা, মানসিক অবসাদ এবং ক্লান্তি কাটিয়ে জর্জ ঘড়িতে চার ঘন্টা বাকি থাকতেই ৫,৮৪৯টি কিউবের সমাধান করেন। তবে জর্জের আশা ছিল তিনি ৭ হাজারের মাইলফলক পার করতে পারবেন। তবে সামান্যর জন্য সেটি হয়নি। এ নিয়ে বেশ বিরক্ত তিনি।
ছোটবেলা থেকেই কিউব সমাধানের বিষয়ে আগ্রহ ছিল জর্জের। তিনি তার বাবার থেকে চেয়ে দুই পাজল নিয়েছিলেন। তার একটি ছিল কিউব।
ইউডি/আতা

