উচ্চ বিদ্যালয়ে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করছে রাশিয়া
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১১:২৫
উচ্চ বিদ্যালয়ে সামরিক প্রশিক্ষণ কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সবকটি উচ্চ বিদ্যালয়ে সোভিয়েত যুগের সামরিক প্রশিক্ষণ কোর্স চালু করা হবে।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে টিআরটি। আগামী বছর থেকে রাশিয়ার স্কুল পাঠ্যক্রমে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করা হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী সের্গেই ক্রাভতসভ।
ক্রাভতসভ সাংবাদিকদের বলেছেন যে, রাশিয়ান শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে এই প্রোগ্রাম নিয়ে কাজ করছে। এটি ফান্ডামেন্টাল অফ লাইফ সেফটি (এফএলএস) নামে বিদ্যমান বাধ্যতামূলক কোর্সে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, আগে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং কোর্সটি ১ জানুয়ারী, ২০২৩ এর মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে প্রাথমিকভাবে এটি একটি পাইলট প্রোগ্রাম হিসেবে শেখানো হবে।
একদিন আগে স্থানীয় সংবাদমাধ্যম আইন প্রণেতা এবং সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোভিয়েত ইউনিয়নের স্কুলগুলোতে একটি মৌলিক সামরিক প্রশিক্ষণ কোর্স পুনরুজ্জীবিত করতে সমর্থন করে।
সোভিয়েত যুগে প্রোগ্রামটি ‘প্রাথমিক সামরিক প্রশিক্ষণ’ প্রোগ্রাম হিসাবে পরিচিত ছিল এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্নেয়াস্ত্র পরিচালনা করতে, পারমাণবিক বা রাসায়নিক আক্রমণের প্রতিক্রিয়া জানাতে এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করার পদ্ধতি শেখানো হতো।

কোর্সটি ১৯৯৩ সালে স্থগিত করা হয়েছিল। তারপর থেকে এটি পুনঃস্থাপনের জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা করা হয়েছে।
খবরে বলা হয়েছে, ১০তম এবং ১১তম গ্রেডের শিক্ষার্থীদের জন্য কমপক্ষে ১৪০ ঘণ্টা প্রশিক্ষণ বরাদ্দ করা হবে।
এছাড়াও রাশিয়ান স্কুলগুলো এই শিক্ষাবর্ষে তাদের ইতিহাস পাঠ্যক্রমের পাশাপাশি ‘গুরুত্বপূর্ণ কথোপকথন’ নামে সাপ্তাহিক দেশপ্রেমিক ক্লাসগুলোকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করেছে।
ইউডি/আতা

