যুবলীগের সুবর্ণজয়ন্তী: মিছিলে মিছিলে মুখরিত সোহরাওয়ার্দীর পথ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:১৫
যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাহা সমাবেশ ঘিরে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা।
শুক্রবার বেলা আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল ৯টা থেকেই যুব নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন এলাকা থেকে নানা রঙের টিশার্ট পরে, ক্যাপ মাথায়, প্ল্যাকার্ড হাতে বাদ্যবাজনা বাজিয়ে সমাবেশ স্থলে আসছেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের পদপ্রত্যাশীদের ছবি, দেশের বিভিন্ন জেলা মহানগরের পদ প্রত্যাশীদের ছবি নিয়েও আলাদা আলাদা মিছিল আসছে সোহরাওয়ার্দীতে।
রাজধানীর বিভিন্ন সড়কদ্বীপ ও বিভাজক জাতীয় পতাকা ও যুবলীগের পতাকা দিয়ে সাজানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুত করা হয়েছে বিশাল প্যান্ডেল। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
করোনাভাইরাস মহামারী শুরুর পর এটাই প্রথম কোনো রাজনৈতিক সমাবেশ, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থাকবেন।

সমাবেশে যোগ দিতে ঢাকা ও ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসছেন। গুলিস্তানের জিরো পয়েন্ট, মৎস্যভবন, শাহবাগ, কাকরাইল, সেগুণ বাগিচা, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের চার দিক দিয়েই নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন।
তাদের মুখে শোনা যাচ্ছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। কোনো কোনো মিছিলে ‘নৌকা নৌকা’ স্লোগানও শোনা যাচ্ছে। যুবলীগ নেতা কর্মীদের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিতে আসছেন।

এ সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা আগেই দিয়ে রেখেছে আওয়ামী লীগ। যুবলীগের মহাসমাবেশে দেশের ৬৪ জেলা থেকে ১০ লাখ নেতাকর্মীর সমাগম ঘটবে বলে সংগঠনের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের রমনার গেটটি সমাবেশের জন্য ব্যবহার করা হচ্ছে ভিআইপি গেইট হিসেবে। এছাড়া টিএসসির রাজুভাস্কর্য গেইট, মেট্রো রেলের স্টেশন গেইট, রমনা কালিমন্দির গেইটের প্রবেশমুখে নেতাকর্মীদের তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
যুবলীগের সুবর্ণজয়ন্তী: মিছিলে মিছিলে মুখরিত সোহরাওয়ার্দীর পথ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনে প্রতিষ্ঠিত হয় আওয়ামী যুবলীগ। ৫০ বছর পর শেখ মণির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ এখন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
ইউডি/সুস্মিত

