আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন: অ্যারিজোনা-নেভাডার দিকে তাকিয়ে সবাই
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২৫
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের তিন দিন পরও অ্যারিজোনা, নেভাডার গণনা বাকি থাকা লাখ লাখ ভোটের মধ্যে আটকা পড়ে আছে মার্কিন কংগ্রেসের ভাগ্যের চাবিটি। শুক্রবারও (১১ নভেম্বর) রাজনৈতিক বিশ্বের সব চোখ আমেরিকার এ দুটি রাজ্যের দিকে নিবদ্ধ হয়ে আছে, মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা এখনকার ফলাফলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে।
প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮টি আসন দরকার, রিপাবলিকানরা ইতোমধ্যে অন্তত ২১১টি আসন নিশ্চিত করে ফেলেছে বলে এডিসন রিসার্চের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা । সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের আর মাত্র ৭টি আসন দরকার।
অপরদিকে, গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ১৯৭টি আসনে জয় পাওয়া ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে আরও অন্তত ২১টি আসন দরকার। শেষ খবর পর্যন্ত ২৭টি আসনের ফলাফল নির্ধারণ এখনও বাকি, এগুলোর মধ্যে বেশ কয়েকটিতে দুই দলের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
ডেমোক্র্যাট অথবা রিপাবলিকান, যারাই এ দুটি রাজ্যের সেনেটের আসনে জয় পাবে কংগ্রেসের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ দল তারাই হবে। কিন্তু দুই দল একটি করে রাজ্যে জয় পেলে ৬ ডিসেম্বর জর্জিয়ার সেনেট আসনের রানঅফ ভোট সেনেটের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের চূড়ান্ত লড়াইয়ের ক্ষেত্র হয়ে দাঁড়াবে। প্রেসিডেন্ট জো বাইডেনের অন্যান্য ক্ষমতার পাশাপাশি বিচারক নিয়োগের কর্তৃত্ব এই চেম্বারের ওপরই নির্ভর করছে।
এদিকে রিপাবলিকানরা ধীরে একটু একটু করে বাইডেনের ডেমোক্র্যাটদের হাত থেকে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়ার দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ বিরোধীদের হাতে গেলে তারা বাইডেনের পরিকল্পিত আইনি কর্মসূচীতে বাধা দিতে পারবে এবং তার প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবে।
ইউডি/সুপ্ত

