পাকিস্তান অপ্রতিরোধ্য, বিশ্বকাপ জয় কেউ আটকাতে পারবে না: ইনজামাম
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:২০
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পাকিস্তানের থেকে কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কাপ্তান ইনজামাম উল হক। তিনি বলেছেন, পাকিস্তানকে এই মুহূর্তে অপ্রতিরোধ্য মনে হচ্ছে। টুর্নামেন্টে তাদের বোলিং ভালো হয়েছে। মিডল-অর্ডার পারফর্ম করতে শুরু করেছে , কিন্তু টপ-অর্ডার ছিল না, সেটাও জায়গায় পড়ে গেছে। সবকিছুই ঠিক আছে মনে হচ্ছে। এখন সবটাই আমাদের পক্ষে। আমি মনে করি পাকিস্তানকে এখন জয় থেকে কেউ আটকাতে পারবে না।
আগামী ১৩ নভেম্বর (রবিবার) মেলবোর্নে ফাইনালে এশিয়ার জায়ান্টদের মুখোমুখি হবে ইংল্যান্ড। ১৯৯২ সালের এই মাঠেই ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান। ৩০ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তির হাতছানি বাবর আজমদের সামনে।
অধিনায়ক বাবর আজমের প্রশংসা করে ইনজামাম বলেন, বাবর হয়তো আগের ম্যাচে ব্যাটসম্যান হিসেবে পারফর্ম করতে পারছিলেন না। কিন্তু একজন নেতা হিসেবে তাকে কৃতিত্ব দিতেই হবে। তিনি দলকে ভেঙে পড়তে দেননি। পরিসংখ্যান আপনাকে এই সব বলবে না, তবে এই দিকগুলোও গুরুত্বপূর্ণ। ছেলেরা ঝাঁপিয়ে পড়ে। এমনকি যখন মনে হচ্ছিল তারা সেমিফাইনালে পৌঁছাতে পারবে না। সাকলিন (মুস্তাক), (মহম্মদ) ইউসুফ এবং (ম্যাথিউ) হেডেন – সাপোর্ট স্টাফরাও এখানে কৃতিত্বের দাবিদার।
ইউডি/সুপ্ত

