বিশ্বের স্থিতিশীলতা ‘বিনষ্ট’ হওয়ার শঙ্কায় আসিয়ান চেয়ারম্যান হুন সেন

বিশ্বের স্থিতিশীলতা ‘বিনষ্ট’ হওয়ার শঙ্কায় আসিয়ান চেয়ারম্যান হুন সেন

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:২৮

বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে এখন চলছে রাজনৈতিক দ্বন্দ্ব ও উত্তেজনা। যার বিরূপ প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। এসব প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের চেয়ারম্যান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।

রোববার (১৩ নভেম্বর) পূর্ব এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি এখনই সবাই এক না হয় তাহলে বিশ্বব্যাপী কষ্টার্জিত স্থিতিশীলতা বিনষ্ট হয়ে যাবে।’

এ সম্মেলনে উপস্থিত ছিলেন আমেরিকা, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। কোনো পক্ষ বা দেশের নাম উল্লেখ না করে সবাইকে এক হওয়ার আহ্বান জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

তাইওয়ানকে ঘিরে চীনের চালানো সামরিক মহড়া এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ সব ধরনের বিরূপ প্রভাব পড়েছে।

এ ব্যাপারে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান অনেক চ্যালেঞ্জ এবং উত্তেজনা আমাদের আগের কষ্টার্জিত স্থিতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টার ক্ষতি করছে এবং মানুষের জীবনমানের ওপর বিরূপ প্রভাব ফেলছে।’

কম্বোডিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং উপস্থিত ছিলেন। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ জোটের সম্মেলনে বহুল কাঙ্ক্ষিত বাইডেন-শি বৈঠকের আগে সম্মেলনটি হলো।

সম্মেলনটিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ অন্যান্য দেশের নেতারাও অংশ নিয়েছেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading