প্রধানমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণ না করার নির্দেশ দিয়েছেন: তথ্য প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:২৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ না নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে কাজ করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেত্রকোণার কেন্দুয়া পাবলিক হল মিলনায়তনে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি-দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, দাবি করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “এই স্বাধীনতা অব্যাহত থাকবে। সাংবাদিকদের ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে নির্বিঘ্নে কাজ করার আহ্বান জানাই।”
গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মিডিয়া কন্ট্রোল করার মতো কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। গণমাধ্যমের স্বাধীনতা কীভাবে আরো বাড়ানো যায়, সে বিষয়ে কাজ করতে তিনি নির্দেশনা দিয়েছেন।”
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার কাজ করছে, জানিয়ে তিনি বলেন, “অপসাংবাদিকতা ও ইয়োলো জার্নালিজম কমাতে সাংবাদিকদের প্রশিক্ষণের পাশাপাশি প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পিআইবির মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”
প্রেস কাউন্সিল শক্তিশালী করার উদ্যোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “এর মাধ্যমে গণমাধ্যমের মান বজায় রাখা এবং জনগণকে সঠিক সংবাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। একইসঙ্গে ইয়োলো জার্নালিজম বন্ধেও সরকার কাজ করছে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “কাজ করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একটি গণতান্ত্রিক সরকার। সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করবেন। ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে আপনারা কাজ করবেন। আমরা মিডিয়া কন্ট্রোল করছি না, করবও না।”
বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করতে চায় না। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। বিচার বিভাগকে আরো শক্তিশালী করার বিষয়েও সরকার কাজ করবে।” এ বিষয়ে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগের কথাও জানান তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, “বর্তমানে ট্রাস্টে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।” দ্রুতই এর সুফল সারা দেশের সাংবাদিকরা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ উপজেলা প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউডি/রেজা

