ইন্ডিয়া যত খুশি রাশিয়ার তেল কিনতে পারবে: আমেরিকা
উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:০১
ইন্ডিয়া যত খুশি রাশিয়ান তেল কিনতে পারবে। আমেরিকার অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এমন কথা বলেছেন। তবে এক্ষেত্রে পশ্চিমা বীমা, আর্থিক ও সামুদ্রিক পরিষেবাগুলোকে ব্যবহার করতে পারবে না ইন্ডিয়া। এভাবে যদি ইন্ডিয়া রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখতে চায়, তবে তাতে আমেরিকার কোনো আপত্তি নেই।
বর্তমানে তেল বিক্রি থেকে রাশিয়ার আয় হ্রাসে পশ্চিমা দেশগুলো রুশ জ্বালানি তেলের দামের সর্বোচ্চ সীমা (ক্যাপ) নির্ধারণ করে দিতে চাইছে। যা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমিয়ে রাখতে সহায়তা করবে বলেও মনে করেন ইয়েলেন।
শিগগিরই ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি তেলের দামের ওপর আরোপ করা ওই ক্যাপ কার্যকর করবে। রাশিয়া যদি বেঁধে দেওয়া ওই দামে তেল বিক্রি করতে রাজি না হয় তবে ইইউ দেশটির কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে।
ইয়েলেন বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন যখন রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে তখন দেশটি এখন যে পরিমাণ তেল বিক্রি করতে পারছে সেই পরিমাণ তেল বিক্রি করাও তাদের জন্য কঠিন হয়ে পড়বে। রাশিয়া এখন হন্যে হয়ে ক্রেতা খুঁজছে এবং তাদের অনেক ক্রেতা পশ্চিমা পরিষেবাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট।’
চীনের বাইরে ইন্ডিয়াই এখন রাশিয়ার তেলের সবচয়ে বড় ক্রেতা।
এ বিষয়ে শুক্রবার মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘ইন্ডিয়া চাইলে রাশিয়ার কাছ থেকে যত খুশি তেল কিনতে পারবে। এমনকি জি-৭ রাশিয়ার তেলের দামে যে সীমা বেঁধে দিতে যাচ্ছে তার থেকে বেশি দামেও রুশ জ্বালানি আমদানি করতে পারবে।’
তবে রাশিয়ার তেল কিনতে হলে ভারত পশ্চিমা বীমা, আর্থিক এবং সামুদ্রিক পরিষেবাগুলো ব্যবহার করতে পারবে না বলেও জানান ইয়েলেন।
রয়র্টাসকে তিনি বলেন, ‘ইন্ডিয়া বা ইন্ডিয়ার ব্যক্তিমালিকানাধীন তেল কোম্পানিগুলো যত দিন পর্যন্ত পশ্চিমা পরিষেবা ব্যবহার করবে না, তত দিন পর্যন্ত তারা যেকোনো দামে রাশিয়ার তেল কিনতে পারবে। এজন্য তাদের অন্য পরিষেবা খুঁজে নিতে হবে বা অন্য কোনো উপায় বের করতে হবে।”
ইয়েলেন মনে করেন, ‘ওই ক্যাপ আরোপ করার পর রাশিয়ার জ্বালানি তেলের বড় ক্রেতারা এখন মস্কোকে তেলের জন্য যে দাম দিচ্ছে তা কমিয়ে ফেলতে বাধ্য হবে।’
সূত্র : রয়টার্স
ইউডি/এআই

