খাদ্যজনিত অসুস্থতায় প্রতিবছর ঝরছে ৪ লক্ষাধিক প্রাণ

খাদ্যজনিত অসুস্থতায় প্রতিবছর ঝরছে ৪ লক্ষাধিক প্রাণ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ০৯: ৪২

বর্তমান সময়ে প্রকট আকার ধারণ করেছে খাদ্যজনিত অসুস্থতা ও মৃত্যু। বিশ্বব্যাপী প্রতি ১০ জনের একজন এ-সংক্রান্ত অসুস্থতায় ভোগেন এবং প্রতিবছর এতে প্রাণ হারাচ্ছেন চার লাখ ২০ হাজার মানুষ। পাশাপাশি প্রতি তিনজনের একজন শিশু মারা যায় খাদ্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার চিত্রও একই। বছরে প্রায় ১৫০ মিলিয়ন মানুষ অসুস্থ হচ্ছেন খাদ্যজনিত নানা রোগে। তাদের মধ্যে প্রাণ হারাচ্ছেন এক লাখ ৭৫ হাজার, যার মধ্যে ৫০ হাজারই শিশু।

রোববার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যমকর্মীদের নিরাপদ খাদ্য আইন এবং বিধিপ্রবিধি অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়।

এ সময় নিরাপদ খাদ্য আইন ও বিধিপ্রবিধি সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএসের সদস্য মঞ্জুর মোর্শেদ আহমদ। প্রবন্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর বিভিন্ন ধারা ও অধ্যায়, খাদ্য দূষণকারী, সংযোজন দ্রব্য ব্যবহার, স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ, খাদ্য স্পর্শক, ব্যবসায়ীর বাধ্যবাধকতা, দূষণ, ক্ষতিকর অবশিষ্টাংশ, ট্রান্স ফ্যাটি এসিড নিয়ন্ত্রণ, বিষাক্ত পদার্থযুক্ত খাদ্যদ্রব্য প্রত্যাহার নিয়ে আলোচনা করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাউল হোসেন এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, ‘সরকার যতই আইন করুক না কেন, আমরা সবাই সচেতন না হলে কিছুই কাজে আসবে না। নিরাপদ খাদ্যের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হলে গণমাধ্যমকর্মীদের ভূমিকা পালন করতে হবে।’

অন্যদিকে, এদিন একই ভেন্যুতে স্বাস্থ্য সনদ প্রদান অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার। তিনি বলেন, খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে বিএফএসএ কর্তৃক প্রদেয় স্বাস্থ্য সনদ দেশের সামগ্রিক রপ্তানি বৃদ্ধি করবে।

ইএসএল বাংলাদেশ লিমিটেড ও ট্রাস্ট অ্যান্ড ট্রেড নামে দুটি কোম্পানিকে স্বাস্থ্য সনদ প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

স্বাস্থ্য সনদের উদ্বোধন অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিএফএসএর আইন কর্মকর্তা শেখ মো. ফেরদৌস আরাফাত।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading