১৮ নভেম্বর নারায়ণগঞ্জে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

১৮ নভেম্বর নারায়ণগঞ্জে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১১: ০৫

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ নভেম্বর নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনার চত্বরে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করবে সংগঠনটি।

জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসভবনে গণতন্ত্র মঞ্চের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সভায় নেতৃবৃন্দ গণতন্ত্র মঞ্চের কর্মসূচির ভিত্তিতে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তোলার বিষয়ে মতামত দেন। নেতৃবৃন্দ মনে করেন, এই মুহূর্তে ‘অবৈধ ক্ষমতাসীন সরকারের পতন’ এবং ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’- এই দুটি বিষয়কে সামনে রেখে ঐক্যমতের ভিত্তিতে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সঙ্গে এমন একটি শাসন কাঠামো তৈরি করতে হবে, যাতে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম না হয়।

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণতন্ত্র মঞ্চ অবৈধ ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকার গঠন, সাংবিধানিক, শাসনতান্ত্রিক এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে ভোটের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা- এই সকল কর্মসূচির ভিত্তিতে সকল বিরোধী রাজনৈতিক শক্তির সাথে ঐক্যমতের ভিত্তিতে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে চায়। সেই ঐক্যমত প্রতিষ্ঠা এবং আগামী দিনের আন্দোলনের বিবিধ বিষয়ে বিএনপিসহ সকল বিরোধী রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ।’

এ লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ জাসদ এবং গণফোরামের সঙ্গে বৈঠকও করেছে গণতন্ত্র মঞ্চ।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading