মিয়ানমার সীমান্তে ফের মাইন বিস্ফোরণ: বাংলাদেশি যুবক আহত
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৩৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে মাইন আবারও বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি সীমান্ত এলাকায় বুধবার (১৬ নভেম্বর) সকালে দিকে এ বিস্ফোরণ হয়। আহত ৩০ বছর বয়সী বেলাল কক্সকাবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজিপাড়ার বাসিন্দা আবুল হাশেমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আফসার গণমাধ্যমকে বলেন, আমার ইউনিয়নের ফুলতলি এলাকার কাঁটাতার সংলগ্ন সীমান্ত পিলার ৪৬ ও ৪৭ নম্বর এলাকায় মাইন বিস্ফোরণ হয়েছে। তবে মাইন বিস্ফোরণে বেলাল নামে যিনি আহত হয়েছেন, তিনি আমার ইউনিয়নের বাসিন্দা নয়। মাইন বিস্ফোরণের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে শুনেছি। বেলাল এর আগে ইয়াবা পাচারের অভিযোগে বিজিবির হাতে আটক হয়েছিলেন বলে জানান ইউপি চেয়ারম্যান।
এর আগে গত সোমবার রাতে নাইক্ষ্যছড়ির তুমব্রু সীমান্তে কোনারপাড়া শূন্যরেখায় ‘চোরাচালানিদের’ সঙ্গে সংঘর্ষে আহত হন সোহেল নামের এক র্যাব সদস্য। ওই ঘটনায় সামরিক বাহিনীর এক কর্মকর্তা নিহত হন।
ইউডি/সুপ্ত

