সমুদ্র আইন বিশেষজ্ঞ অধ্যাপক হাবিবুর রহমান আর নেই
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমুদ্র আইন বিশেষজ্ঞ অধ্যাপক হাবিবুর রহমান আর নেই। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই আইন বিশেষজ্ঞ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি হাসিবুল আলম বলেন, হাবিবুর রহমান সমুদ্র আইন বিশেষজ্ঞ ছিলেন। তিনি এতই কর্মময় ছিলেন যে ও মঙ্গলবারও তিনি আইন বিভাগে পড়িয়েছেন। তার শূন্যতা পূরণ করা সম্ভব নয়।
আইন বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে বুধবার সকালে অধ্যাপক হাবিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়া হয়। তিনি ২০১৩ সালে আইন বিভাগ থেকে অবসরে যান। তবে বিভাগে তিনি সমুদ্র আইন বিষয়ে খণ্ডকালীন ক্লাস নিতেন।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম বলেন, হাবিবুর রহমান আইন অনুষদের সাবেক ডিন, আইন ও বিচার বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। সমুদ্র আইনে তার দখল ছিল। বঙ্গোপসাগরে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র জয়ে মূল বিশেষজ্ঞ দলে কাজ করেছেন তিনি। সমুদ্র আইন ছাড়াও তিনি আন্তর্জাতিক আইনেও বিশেষজ্ঞ ছিলেন।
এদিকে, ড. মো. হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর। এক শোকবার্তায় তারা দেশে আইন বিষয়ে পঠন-পাঠনে ড. হাবিবুরের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।
ইউডি/সুপ্ত

