খেলা তো চলছে, ওবায়দুল কাদেরকে রিজভী

খেলা তো চলছে, ওবায়দুল কাদেরকে রিজভী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৩০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ওবায়দুল কাদের ফিউচার টেনসে বলেন— খেলা হবে। কিন্তু খেলা তো চলছে মানুষের আহার নিয়ে, খাদ্য নিয়ে, ভোগান্তি নিয়ে। এসব দেশের জনগণ দেখছে। এটিও আপনাদের খেলার অংশ। এর হিসাব কিন্তু আপনাকে একদিন দিতে হবে।’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের মুক্তি দাবিতে এ মানববন্ধন হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘একজন মন্ত্রী যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উনি প্রতিদিন বলেন— খেলা হবে। এটা তো ফিউচার টেনসে বলেছেন— প্রেজেন্ট টেনসে বলবেন না, খেলা চলছে। আপনি কামরুজ্জামান রতনকে গ্রেফতার করেছেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতার করেছেন। এটিও কি খেলার অংশ না?’

‘সারা দেশে সমাবেশ যাতে না হয়, তার জন্য অনেককেই গ্রেফতার করেছে— এটি কী খেলার অংশ না? বিএনপির সমাবেশের দুদিন আগে বাস মালিক ধর্মঘট ডাকে এটিও তো আপনার খেলার অংশ। কারণ আপনার নির্দেশ ছাড়া এই বাস মালিক সমিতি ধর্মঘট ডাকার কথা না। বিএনপির সমাবেশ শেষে তাদের ধর্মঘটও শেষ হয়, এটা তো ওবায়দুল কাদের ও শেখ হাসিনার খেলার অংশ’, দাবি করেন রিজভী।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ বলে রিজার্ভে নাকি এখনো ৩৫ মিলিয়ন ডলার আছে। আইএমএফ বাংলাদেশ ব্যাংককে বললেন হিসাব দেন। বাংলাদেশ ব্যাংক বললেন ২৪ মিলিয়ন ডলার রিজার্ভ আছে। আওয়ামী লীগ বলে ৩৫ মিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংক বলছে ২৪ মিলিয়ন ডলার। হঠাৎ করে কমে গেল কেন?’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading