গণ-অভ্যুত্থান যে হবে, এটা নিশ্চিত: দুদু
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৫০
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফয়সালা ১০ তারিখে হতে পারে, আগেও হতে পারে। গণ-অভ্যুত্থান যে হবে, এটা নিশ্চিত থাকেন। বর্তমান দেশে যে আলামত ও লক্ষণ দেখা যাচ্ছে, এতে এক মুহূর্ত ভাবার উপায় নেই যে এ সরকার টিকবে। আলামতে বুঝে গেছে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।
শুক্রবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ উথ ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও জোবাইদার রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, বাংলাদেশে এমন একটা শাসনব্যবস্থা আমরা প্রত্যক্ষ করছি, যা গত ৫১ বছরে দেখিনি। কিছু অসাধু ব্যবসায়ী, আদর্শহীন রাজনীতিবিদ, এদের যে দাপট, এ এক অভাবনীয় ঘটনা। সরকার-আশ্রিত কিছু সাংবাদিক, তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাচ্ছে।

তিনি বলেন, একটা বিষয় ফয়সালা হয়েছে, বিএনপির কর্মীরা এখন আর ভয় পায় না। গত ছয়টা সমাবেশে তা প্রমাণিত হয়েছে। আগামীকাল সিলেটের সমাবেশে জনসমুদ্র হবে। ঢাকায় জনসমাবেশ করতে আমরা নির্দিষ্ট একটা জায়গা চেয়েছি, দিলে ভালো। আর তালবাহানা করে কোনও লাভ নাই। সারা ঢাকা শহরে মানুষ দিয়ে সয়লাব হয়ে যাবে। নির্দিষ্ট কোনও জায়গায় তখন সমাবেশ হবে না। সারা ঢাকা শহরেই তিন-চার দিন ধরে সমাবেশ হবে।
সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ১০ লাখ হাজার কোটি টাকা ফেরত দিতে হবে। ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে। যাদের গুম-খুন করেছেন, তাদের ফেরত দিতে হবে। যা খুশি তা-ই করবেন আর এ দেশের মানুষ ছেড়ে দেবে? কখনোই না। প্রশ্নই ওঠে না।
আয়োজক সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, জীনাফের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।
ইউডি/সুপ্ত

