স্ত্রীর সঙ্গে ঝগড়া, হাসপাতালের ৬ তলা থেকে লাফ স্বামীর
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৫৫
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে এক রোগী মারা গেছেন। শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ওই ঘটনা ঘটে।
রবিবার (২০ নভেম্বর) সকালে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (এমআরও) ডা. খায়রুল কবির সুমন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই রোগীর নাম মধু চক্রবর্তী। তিনি নেত্রকোণা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে।
নিহতের স্বজন ও অন্যান্য রোগীরা জানান, গত বৃহস্পতিবার থেকে শ্বাসকষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন মধু চক্রবর্তী। পেশায় ধান চাল ব্যবসায়ী হলেও গত এক বছর ধরে বেকার ছিলেন তিনি। শনিবার রাতে স্ত্রী পপি ভৌমিকের সঙ্গে ঝগড়া হয় তার। কথা-কাটাকাটির এক পর্যায়ে হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দেন তিনি। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এমআরও ডা. খায়রুল কবির সুমন বলেন, ওই রোগী তার স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইউডি/আতা

