কাতার বিশ্বকাপ: ত্রিশ লাখ টিকিট বিক্রি শেষ
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৫৫
বিশ্বকাপের প্রায় তিন মিলিয়ন বা ত্রিশ লাখ টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফিফা। ফিফার এক মুখপাত্র বার্তা সংস্থাকে জানিয়েছে গতকাল রবিবারের উদ্বোধন দিন পর্যন্ত ২.৯৫ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে।
কাতারের স্বাগতিক স্বত্ব নিয়ে সমালোচনা থাকলেও গতকাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের উত্তেজনা সমর্থকদের মধ্যে ঠিকই বিরাজ করছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাদের প্রিয় দলের খেলা উপভোগের উদ্দেশ্যে ইতোমধ্যেই কাতারে এসে উপস্থিত হয়েছে লাখ লাখ সমর্থক। ২৯ দিনব্যাপী জমাট লড়াইয়ে ৬৪টি ম্যাচেই এই উত্তেজনা দেখা যাবে বলে আয়োজকরা আশাবাদী।
দোহার কেন্দ্রীয় টিকিট বিক্রয় সেলের সামনে প্রথম দিন থেকেই হাজারো মানুষের লাইন লেগেই আছে। অনলাইন টিকিট প্ল্যাটফর্র্মে সমর্থকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ইতোমধ্যেই টিকিট বিক্রয়ের দিক থেকে ২০১৮ রাশিয় বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে কাতার। মুখপাত্র আরো জানিয়েছেন কাতার, সৌদি আরব, আমেরিকা, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, ফ্রান্স ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা সবচেয়ে বেশী।
ইউডি/সুপ্ত

