কাতার বিশ্বকাপ: আজ মাঠে নামছে আর্জেন্টিনা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ । আপডেট ০৭:০০
আজ লুসাইল আইকনিক স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।বাংলাদেশ সময় বিকাল চারটায় ম্যাচটি শুরু হবে। পঞ্চমবারের মত বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আর্জেন্টাইন সুপারস্টার লিওনের মেসির উপরই থাকবে ম্যাচের সব স্পটলাইট। পিএসজির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মেসিও সমর্থকদের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে আর্জেন্টিনার হয়ে প্রথমবারের বিশ্ব আসরের শিরোপা হাতে তোলার অপেক্ষায় আছেন। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলের এই ক্ষুদে যাদুকরের জন্য আশাটা মোটেই অতিরিক্ত নয়।
চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা সঙ্গী করেই লিওনেল স্কালোনির দল কাতারে খেলতে এসেছে। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের সামনে এখন একটাই লক্ষ্য ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপটা নিয়ে দেশে ফিরে যাওয়ায়। সর্বশেষ ১৯৮৬ সালে কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে যখন আর্জেন্টিনা বিশ্ব আসরের শিরোপা জিতেছিল তখন মেসির জন্মও হয়নি।
চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে শেষ ১৬’ থেকে বিদায় নিয়ে যতটা না হতাশা রয়েছে তার থেকে বেশী হতাশা রয়েছে টুর্ণামেন্টে চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে। অথচ ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলেছিল আর্জেন্টিনা। জার্মানীর কাছে অবশ্য ১-০ গোলে পরাজিত হয়ে রানার্স-আপ শিরোপা নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। কাতারে তাই গ্রুপ-সি’র সেরা দল হিসেবে পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরবের উপরে থেকেই প্রথম পর্ব শেষ করতে চায় স্কালোনির দল।
এদিকে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৮ বিশ্বকাপ শুরু করেছিল সৌদি আরব। কিন্তু ৫-০ গোলের পরাজয়ের দুঃসহ স্মৃতি থেকে বেরিয়ে এসে এবার প্রথম ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ভাল ম্যাচ উপহার দিতে চায় এ্যারাবিয়ান ফ্যালকনসরা। যদিও আর্জেন্টিনা তাদের থেকে অনেক দুর এগিয়ে রয়েছে।
গত আসরে গ্রুপ পর্ব থেকে সৌদি আরবের বিদায় প্রত্যাশিতই ছিল, এবারও অবশ্য তা ব্যতিক্রম নয়। কিন্তু ডাচ কোচ হার্ভে রেনার্ডের দলের এবার মূল লক্ষ্য নিজেদের সেরাটা উপহার দেয়া। ১৯৯৪ সালে সৌদি আরব শেষ ১৬’ থেকে বিদায় নিয়েছিল। বিশ্বকাপের এটাই এ পর্যন্ত দলটির সেরা সাফল্য।
ইউডি/সুপ্ত

