নিজ দলেই বিদ্রোহের মুখে সুনাক
ব্রিটেনে প্রতিবছর নতুন তিন লাখ বাড়ি নির্মাণ করার সরকারি পরিকল্পনাকে কেন্দ্রীয়ভাবে পরিচালনা ও বাধ্যতামূলক করতে চেয়েছিলেন সুনাক। কিন্তু তার নিজ দল কনজারভেটিভ পার্টির মোট ৫০ জন এমপি এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন।
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৫৬
দায়িত্ব গ্রহণের এক মাস পার না হতেই নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটির সংবাদমাধ্যম ব্লুমবার্গ মঙ্গলবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির সংসদে বাড়ি নির্মাণ পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু শুরুতেই নিজ দল কনজারভেটিভ পার্টির এমপিদের বিদ্রোহের মুখে পড়েন তিনি। ফলে আপাতত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সুনাক।
ব্রিটেনে প্রতিবছর নতুন তিন লাখ বাড়ি নির্মাণ করার সরকারি পরিকল্পনাকে কেন্দ্রীয়ভাবে পরিচালনা ও বাধ্যতামূলক করতে চেয়েছিলেন সুনাক। কিন্তু তার নিজ দল কনজারভেটিভ পার্টির মোট ৫০ জন এমপি এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। এতে কয়েক সপ্তাহের জন্য এই বিলের ওপর ভোট পিছিয়ে গেল।
এদিকে এর মাধ্যমে কনজারভেটিভ পার্টির সদস্যদের অভ্যন্তরীণ কোন্দলের ব্যাপারটি আবারও সামনে চলে এসেছে। প্রমাণিত হয়েছে, নিজ দলের সদস্যদের সামলাতে হিমশিম খাচ্ছেন ঋষি সুনাক।
ইউডি/এআই

