ক্রোয়েটদের জয় বঞ্চিত করল মরক্কো
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৪২
কাতার বিশ্বকাপে ভালো কিছু করার কথা আগে ঘোষণা দিয়েছিল মরক্কো। প্রথম ম্যাচেই রাখল সেই ছাপ। গত আসরের রানার্স আপ ক্রোয়েশিয়াকে রুখে দিয়েছে আফ্রিকার দেশ। গ্রুপ এফ-এর ম্যাচে মরক্কোর সঙ্গে গোলশূন্য ড্র করে হোঁচট খেল মদ্রিচরা।
রাশিয়া বিশ্বকাপে শিরোপার খুব কাছে চলে গিয়ে ছিল ক্রোয়েশিয়া। ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয় ক্রোয়েটরা। এবার সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চেয়েছিল তারা। কিন্তু প্রথম ম্যাচেই খেল হোঁচট।
শক্তির বিচারে ক্রোয়েশিয়ার চেয়ে যোজন যোজন পেছনে মরক্কো। কিন্তু প্রথমার্ধে মাঠে দাপট দেখায় তারা। বেশ কয়েক দফা আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে দুর্বল প্রতিপক্ষ পেয়েও গোল করার মতো আক্রমণ করতে পারেনি ক্রোয়েশিয়া।
প্রথমার্ধের নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ে লক্ষ্যে রইল প্রথম শট! দ্বিতীয়ার্ধে একটু সময়ের জন্য গা ঝাড়া দিল দুই দল। তা মিলিয়ে যেতেও খুব একটা সময় লাগল না। ফের রক্ষণেই বেশি মনোযোগ দিল ক্রোয়েশিয়া ও মরক্কো। মিলল না গোলের দেখা। বল দখলে বেশ এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। তবে গোলের জন্য শট নেওয়া ও লক্ষ্যে রাখায় দুই দলই সমানে-সমান। ৭টি করে শট নিয়ে কেবল দুটি করে রাখতে পারে লক্ষ্যে।
ইউডি/এজেএস

