পঞ্চগড়ে তাপমাত্রা দিনে বাড়ছে রাতে কমছে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১০:৩০
শীতের সকালে কুয়াশা হওয়ার কথা থাকলেও ঝকঝকে রোদের দেখা মিলছে পঞ্চগড়ে। তবে উঠানামা করছে তাপমাত্রা। সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ে। সকাল ১০টার পর থেকে বাড়তে থাকে তাপমাত্রা। আর সন্ধ্যার পর শীতের প্রকোপ বাড়ে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ে বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোর ৬টায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল বুধবার ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরেই ১২-১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হচ্ছে।
এ দিকে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। এ সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা থাকলেও তাপমাত্রা রেকর্ড হচ্ছে ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বুধবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে দিনে বেশ গরম অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা উঠানামা করছে। মঙ্গলবার ভোর ৬টায় জেলায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ইউডি/কেএস

