গণ্ডগোল সৃষ্টির উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ চায় বিএনপি: হাছান মাহমুদ
বড় সমাবেশ কখনও রাস্তায় হয় না, রাস্তায় সমাবেশ করাটা অনুচিত। এতে জনগণের দুর্ভোগ হয়।
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৩৩
‘আগামী ১০ ডিসেম্বর ঢাকা সমাবেশে বিএনপি তাদের জনসমাগম কম হওয়ার শঙ্কায় এবং গণ্ডগোল সৃষ্টির উদ্দেশ্যেই নয়াপল্টনের ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করতে চায়।’
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, ‘সমাবেশে লোকসংখ্যা যে ৩০ থেকে ৫০ হাজারের বেশি হবে না, সেটা আগে থেকেই জানে বিএনপি। সেটিও যদি হয়, কোনও অবস্থাতেই একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়। আর নয়াপল্টনের এক কিলোমিটার রাস্তাজুড়ে যদি মানুষ বসে, তাহলে ৫০ হাজারের বেশি হবে না।’
‘তবু সেখানেই সমাবেশের ওপর জোর দেওয়ার মাধ্যমে প্রমাণ করছে যে তারা শঙ্কিত, ওখানে তেমন লোক হবে না। দ্বিতীয়ত, রাস্তায় সমাবেশ করলে গণ্ডগোল করতে সুবিধা হয়। এই দুই উদ্দেশ্যেই তারা সেখানে সমাবেশ করতে চায়’, বলেন ড. হাছান মাহমুদ।
তবু সেখানেই সমাবেশের ওপর জোর দেওয়ার মাধ্যমে প্রমাণ করছে যে তারা শঙ্কিত, ওখানে তেমন লোক হবে না। দ্বিতীয়ত, রাস্তায় সমাবেশ করলে গণ্ডগোল করতে সুবিধা হয়। এই দুই উদ্দেশ্যেই তারা সেখানে সমাবেশ করতে চায়।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমাবেশ করার ইচ্ছেটাই একটা হীন উদ্দেশ্য উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বড় সমাবেশ কখনও রাস্তায় হয় না, রাস্তায় সমাবেশ করাটা অনুচিত। এতে জনগণের দুর্ভোগ হয়। আপনারা সাংবাদিকরাই লেখেন এবং টেলিভিশনে দেখান যে রাস্তায় সমাবেশ করতে গিয়ে জনদুর্ভোগ হচ্ছে।’
হাছান মাহমুদ বলেন, ‘সরকার সমাবেশ করার অনুমতি দিতে পারে কিন্তু গন্ডগোল করার উদ্দেশ্যে কোনও সমাবেশ করার অনুমতি তো দিতে পারে না।’
ইউডি/এআই

