পূর্ব পাকিস্তান ছাতছাড়া হওয়া ছিল রাজনৈতিক ব্যর্থতা: জেনারেল বাজওয়া
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ২০:০১
পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, ‘পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) হাতছাড়া হওয়া সামরিক নয় বরং রাজনৈতিক ব্যর্থতা ছিল।’
বুধবার (২৩ নভেম্বর) সামরিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি। খবর দ্য ডন’র।
জেনারেল বাজওয়া আগামী সপ্তাহে অবসরে যাচ্ছেন। দায়িত্ব হস্তান্তরের আগে সেনাপ্রধান হিসেবে জনসমক্ষে এটিই তার শেষ বক্তৃতা হতে পারে।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জেনারেল বাজওয়া বলেন, ‘আমি একটা তথ্য সংশোধন করতে চাই। প্রথমত, পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) হাতছাড়া হওয়া সামরিক নয় বরং রাজনৈতিক ব্যর্থতা ছিল।
‘লড়াইরত সেনার সংখ্যা ৯২ হাজার ছিল না বরং এ সংখ্যা ছিল মাত্র ৩৪ হাজার। বাকিরা ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের লোকজন। এই ৩৪ হাজার সেনা ইন্ডিয়ান সেনাবাহিনীর আড়াই লাখ সেনা এবং মুক্তিবাহিনীর প্রশিক্ষিত দুই লাখ যোদ্ধার বিরুদ্ধে লড়েছিলেন।’
‘সব প্রতিকূলতার মধ্যেও তারা সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং নজিরবিহীন ত্যাগ স্বীকার করেছিলেন। তাদের এই আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছিলেন তৎকালীন ইন্ডিয়ান সেনাপ্রধান ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ’, বলেন জেনারেল বাজওয়া।
ইউডি/এআই

