রাজবাড়ীতে সুফিয়া রহমান হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ী থেকে জুলফিকার আলী । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৫
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের ভাতশালা দক্ষিণ পাড়া জামে মসজিদে সুফিয়া রহমান হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে শুরু হয়ে দুইদিনব্যাপী এ প্রতিযোগীতা শেষ হয় আজ শুক্রবার (২৫ নভেম্বর)। রত্নগর্ভা নারী সুফিয়া রহমানের স্মরণে তার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লুৎফর রহমান ফাউন্ডেশন এ কর্মসূচি আয়োজন করে।
রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী, কুষ্টিয়া জেলার খোকসা এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার স্থায়ী বাসিন্দা কোরআনে হাফেজ ও উল্লেখিত উপজেলার অধ্যায়নরত হিফজ ছাত্ররা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার ৩৬ জন হাফেজ অংশ গ্রহন করে ১১ জন চূড়ান্ত প্রতিযোগী হিসেবে নির্বাচিত হন। আজ শুক্রবার ১১ জন প্রতিযোগী হাফেজের মধ্যে প্রথম হয়েছেন কালুখালী উপজেলার মৃগী মোহম্মাদীয়া হাফেজিয়া মাদরাসার হাফেজ মো. গোলাম রাব্বি। দ্বিতীয় হয়েছেন খোকসা উপজেলার নিশ্চিন্ত বাড়িয়া দারুল উলুম কাওমি মাদরাসার হাফেজ মো. জুনায়েদ আহম্মেদ জামিল। তৃতীয় হয়েছেন পাংশা উপজেলার নূরে মদিনা মাদরাসার ছাত্র হাফেজ মো. নুর আলম। অন্য বিজয়ীরা হলেন মো. মারুফ বিল্লাহ, মো. আবু হুরাইরা, মো. আল-আমিন, মো. নাইম হোসেন, মো. আহাদুল ইসলাম, মো. আবু বকর, মো. মহসিন মেহেদী ও আকিদুল মন্ডল।
বিজয়ীদের প্রথম পুরষ্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ১৫ হাজার টাকা, তৃতীয় পুরষ্কার ১০ হাজার টাকা। ৪র্থ – ১১তম স্থানে বিজয়ীদের বিশেষ সান্তনা পুরষ্কার দেয়া হয়েছে। প্রতিযোগীতার প্রধান পৃষ্ঠপোষক মরহুম শাহ লুৎফর রহমানের পুত্র মিজানুর মামুন। সমন্বয়কারী মহিদুর রহমান হিরা। মরহুমার অপর পুত্র লেফটেন্যান্ট জেনারেল ও রাষ্ট্রদূত এস,এম,মতিউর রহমান জুয়েল সার্বিক বিষয়গুলো দেখভাল করেন বলে প্রান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি ও সাধারন সম্পাদক নিশ্চিত করেছেন।
প্রান্তিক জনকল্যান সংস্থা, ভাতশালা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওমর ফারুখ এবং লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনসহ স্থানীয়দের সার্বিক সহযোগীতায় এই পবিত্র হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ইউডি/এজেএস

