লোপেজের পোস্ট-ছবি গেল কই?
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৪০
কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই হলিউডের পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সব পোস্ট আর ছবি হঠাৎ গায়েব হয়ে গেছে। শুধু তাই নয় ফেসবুক, টুইটার ও টিকটকেও এই তারকার অ্যাকাউন্টগুলোতে যেন অন্ধকার নেমে এসেছে।
ভ্যারাইটি জানিয়েছে, ইনস্টাগ্রামে জেনিফার লোপেজের ‘জেএলও’ অ্যাকাউন্টের ফলোয়ার ২২৬ মিলিয়ন। গত মঙ্গলবার থেকে সেখানে কোনো পোস্ট দেখা যাচ্ছে না। প্রোফাইল পিকাচারের জায়গায় দেখা যাচ্ছে শুধু কালো রঙের বৃত্ত।
টুইটারে লোপেজের ফলোয়ার ৪৫.৫ মিলিয়ন; টিকটকে ১৫.৪ মিলিয়ন। ওই দুই অ্যাকাউন্টেরও প্রোফাইল পিকচারে শুধু কালো রঙ, কোনো ছবি নেই। তবে পুরনো পোস্টগুলো আছে। আর ৬০ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক অ্যাকাউন্টে কভার ফটো এবং প্রোফাইল পিকচারের জায়গায় কালো প্রেক্ষাপটে কেবল জেনিফার লোপেজের নাম দেখা যাচ্ছে।
ভ্যারাইটি লিখেছে, বিষয়টি নিয়ে লোপেজের প্রতিনিধি মুখ খুলতে রাজি হননি। তবে এর আগেও দেখা গেছে, কোনো কোনো তারকা সংগীতশিল্পী তাদের নতুন অ্যালবামের ঘোষণা দেয়ার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সবকিছু মুছে দেন।
লোপেজের সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘এ.কে’ মুক্তির পর পেরিয়ে গেছে আট বছর। এর মধ্যে ২০২০ সালে তিনি কলাম্বিয়ান তারকা শিল্পী শাকিরার সঙ্গে ‘সুপারবোল হাফটাইম’ শোতে অংশ নেন। ওই শোটির উপর ভিত্তি করে নির্মিত ডকুমেন্টারি ‘ফিচার হাফটাইম’ চলতি বছরের শুরুতে নেটফ্লিক্সে মুক্তি পায়।
ইউডি/এজেএস

