ডিসেম্বর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মাস: হানিফ

ডিসেম্বর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মাস: হানিফ
মাহবুব-উল আলম হানিফ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ নভেম্বর ২০২২ । আপডেট ২০:২৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ডিসেম্বর মাস কোনো রাজাকার-আলবদরদের মাস নয়। ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশের নামে কোনো ষড়যন্ত্র করলে পাল্টা জবাব দেওয়া হবে। এই বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ডিসেম্বর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মাস।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি আজকে মানুষের পায়ে পাড়া দিয়ে গোলযোগ সৃষ্টি করতে চায়। তারা সমাবেশের নামে বিভিন্ন জায়গায় উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। তাদের ভাবখানা এমন যে ১০ তারিখের পর সরকারই থাকবে না। তারাতো বলেই দিয়েছে- ১০ ডিসেম্বরের পর নাকি দুর্নীতিবাজ খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আমরা বলতে চাই- ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এ মাস কোনো রাজাকার-আলবদরদের হতে পারে না। ডিসেম্বর মাসে ষড়যন্ত্র করতে যদি মাঠে নামেন, তাহলে বাংলার জনগণ উচিত শিক্ষা দিয়ে দেবে।

তিনি বলেন, বিএনপি ঢাকায় নাকি ১০ লাখ লোকের সমাবেশ করবে। তাতে আমাদের কোনে আপত্তি নেই। তারা সমাবেশ পল্টনে করতে চায়। কিন্তু তাদের জনসমাগম দেখে পুলিশ কমিশনার জানিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশের জন্য ভালো হবে। তারা সেখানে সমাবেশ করবেন না। পল্টনেতো ৫০/৬০ হাজারের বেশি লোকের জায়গা হবে না। তারপরও কেন তারা সেখানে করতে চায়। কারণ দুটি, একটি হলো সোহরাওয়ার্দী উদ্যান হলো আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গা। এখানে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর এখানেই ১৯৭১ সালে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। সেই কারণেই তারা সোহরাওয়ার্দী উদ্যানে যেতে চায় না। সোহরাওয়ার্দী উদ্যান রাজাকার-আলবদরদের জন্য একটি মনোকষ্টের জায়গা।

হানিফ বলেন, তারা নয়াপল্টনে তাদের অফিসের সামনে লোকজন জমায়েত করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারকে বিব্রত করতে চায়। এটি তাদের আরেকটি লক্ষ্য। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্রের পথ খুঁজলে তার উচিত জবাব দেওয়া হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, পাওয়ার সেলের ডিজি ইঞ্জিনিয়ার হোসাইন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading