হিজাববিহীন নারীকে সেবা দিয়ে ব্যাংক ম্যানেজার চাকরিচ্যুত
‘৮০ মিলিয়নের বেশি জনসংখ্যার দেশ ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। আর এটি বাস্তবায়ন করে দেশটির নৈতিকতা পুলিশ। আর ইরানে অধিকাংশ ব্যাংক রাষ্ট্রনিয়ন্ত্রিত। হিজাব আইন বাস্তবায়ন করা এ ধরনের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়িত্ব’
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৩৯
ইরানে হিজাববিহীন এক নারীকে সেবা দেওয়ার অভিযোগে এক ব্যাংক ম্যানেজারকে চাকরিচ্যুত করা হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির কোম প্রদেশে এ ঘটনা ঘটেছে। খবর ভয়েস অব আমেরিকার।
বার্তা সংস্থা মেহরের বরাতে ভয়েস অব আমেরিকা জানায়, কোম প্রদেশটি রাজধানী তেহরানের কাছে অবস্থিত। গত বৃহস্পতিবার ওই নারীকে ব্যাংক ম্যানেজার সেবা দেন।
ডেপুটি গভর্নর আহমেদ হাজিজাদেহের বরাতে মেহর জানায়, এ জন্য গভর্নরের আদেশে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক প্রতিক্রিয়া সৃষ্টি করে বলেও জানায় মেহর।
‘৮০ মিলিয়নের বেশি জনসংখ্যার দেশ ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। আর এটি বাস্তবায়ন করে দেশটির নৈতিকতা পুলিশ। আর ইরানে অধিকাংশ ব্যাংক রাষ্ট্রনিয়ন্ত্রিত। হিজাব আইন বাস্তবায়ন করা এ ধরনের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দায়িত্ব’, যোগ করেন হাজিজাদেহ।
গত ১৩ সেপ্টেম্বর ঠিক মতো হিজাব না পরায় কুর্দি নারী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে তেহরানের পুলিশ। পরে তিন দিন কোমায় থাকার পর ১৬ সেপ্টেম্বর মারা যান ২২ বছর বয়সী আমিনি। তার মৃত্যুর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে এ বিক্ষোভকে বিদেশি সমর্থিত ‘দাঙ্গা’ বলছে ইরানি সরকার।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির (এইচআরএএনএ) তথ্য অনুযায়ী, বিক্ষোভ দমনের নামে নিরাপত্তা বাহিনীর হাতে ৩৪৮ জন বিক্ষোভকারী নিহত এবং ১৫ হাজার ৯০০ জন গ্রেপ্তার হয়েছেন।
ইউডি/এআই

