৪৮ বছর বয়সে পাস করলেন এসএসসি

৪৮ বছর বয়সে পাস করলেন এসএসসি
‘বয়স হলে আমরা সবাই ভেঙে পড়ি৷ আমাদের মনোবল কমে যায়। আমিও নানান ভাবে হতাশায় ভুগেছি৷ তবে সব বাধা উপেক্ষা করে সফল হয়েছি। আজকে অনেক আনন্দ লাগছে।’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ । আপডেট ১০:৩৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত কাউন্সিলর আব্দুস সামাদ ৪৮ বছর বয়সে এসএসসি পাশ করলেন। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পরীক্ষার ফল হাতে পেয়েছেন তিনি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ- ৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক। বড় ছেলে নাহিদ হোসেন ২০২০ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল বিভাগে লেখাপড়া করছেন। ছোট ছেলে সজীব আলী কোরআনের হাফেজ। হেফজ পড়া শেষ করে পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছেন।

আব্দুস সামাদের বড় ছেলে নাহিদ হোসেন বলেন, ‘বাবার খুব ইচ্ছে ছিল তিনি পড়াশোনা করবেন৷ আজকে তিনি সফল হয়েছেন৷ আমরা সকলে অনেক খুশি। বাবা অনেক সময় হতাশায় ভুগেছেন। আমরা বলেছি কারো কথায় মন খারাপ না করতে। আজকে তিনি ভালো ফলাফল করে পাস করেছেন। আমরা খুশি।’

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলাফল পেয়ে পৌর কাউন্সিলর আব্দুস সামাদ বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা হয়নি৷ একসময়ে মনে হলো আর পড়াশোনা করা সম্ভব হবে না। পরে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় খারাপ লাগতে শুরু করে। সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মেলামেশা করতে হয়৷ সেজন্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা৷ আজকে বেশ ভালো লাগছে ফলাফল দেখে৷’

আত্মবিশ্বাসী হলে বয়স কখনো বাঁধা না জানিয়ে তিনি বলেন, ‘বয়স হলে আমরা সবাই ভেঙে পড়ি৷ আমাদের মনোবল কমে যায়। আমিও নানান ভাবে হতাশায় ভুগেছি৷ তবে সব বাধা উপেক্ষা করে সফল হয়েছি। আজকে অনেক আনন্দ লাগছে।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading