জিএম কাদেরের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা হাই কোর্টে স্থগিত

জিএম কাদেরের দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা হাই কোর্টে স্থগিত
ঢাকার যুগ্ম জেলা জজ মাসুদুল হক গত ৩০ অক্টোবর এক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দেন। পরে ওই আদেশ প্রত্যাহার চেয়ে জিএম কাদেরের করা আবেদন ১৬ নভেম্বর একই আদালত খারিজ করে দেয়।

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২২

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনের ওপর নিম্ন আদালতের দেওয়া এক নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন হাই কোর্ট। এক রিভিশন আবেদনের শুনানি করে বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক বেঞ্চ মঙ্গলবার (২৯ নভেম্বর) এই আদেশ দেয়।

আদালতে জিএম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহিদা খাতুন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল কোহিনুর আক্তার ও সাবিনা পারভীন।

ঢাকার যুগ্ম জেলা জজ মাসুদুল হক গত ৩০ অক্টোবর এক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দেন। পরে ওই আদেশ প্রত্যাহার চেয়ে জিএম কাদেরের করা আবেদন ১৬ নভেম্বর একই আদালত খারিজ করে দেয়।

পরে জিএম কাদের ওই আদেশের বিরুদ্ধে জেলা জজের আদালতে আপিল করেন। বিচারক সেই আপিলের গ্রহণযোগ্যতার শুনানির জন্য ২০২৩ সালের ৯ জানুয়ারি দিন ঠিক করে দেন। ওই শুনানি এগিয়ে আনতে ফের আবেদন করেন জিএম কাদের। গত ২৪ নভেম্বর তা খারিজ করে দেন বিচারক।

এরপর হাই কোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের। সেই আবেদনের শুনানি করে আদালত রুল জারির পাশাপাশি যুগ্ম জেলা জজের আদেশে স্থগিতাদেশ দিল।

৩০ অক্টোবরের আদেশটি হাই কোর্ট স্থগিত করেছে। পাশাপাশি পরবর্তী শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ঠিক করে দেওয়া হয়েছে। এরপর আদালত সিদ্ধান্ত জানাবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহিদা খাতুন

জিএম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘হাই কোর্ট রুল জারির পাশাপাশি স্থগিতাদেশ দিয়েছে। এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারবেন জিএম কাদের।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading