ভোলা-বরিশাল নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ভোলা-বরিশাল নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:২৫

বরিশাল স্পিডবোট ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে ভোলা-বরিশাল নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এজন্য মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল থেকে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে কোনও বোট ছেড়ে যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ভোলা-বরিশাল নৌপথে প্রতিদিন শতাধিক স্পিডবোটে যাত্রী চলাচল করে। মাত্র ৪৫ মিনিটে ভোলা থেকে বরিশাল পৌঁছানোর কারণে এই পথে যাত্রীদের পছন্দ স্পিডবোট।

এদিকে যাত্রীদের একটি অংশ জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেও তারা পড়েছেন চরম বিপাকে। তবে স্বাভাবিক রয়েছে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল।

জানা গেছে, ভোলা-বরিশাল নৌপথে দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে। ভোলার ভেদুরিয়া থেকে বরিশাল ও লাহারহাট এবং বরিশাল থেকে ভেদুরিয়া নৌপথে চলাচল করছিল এসব বোট। কিন্তু গত তিন দিন ধরে বরিশালের ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে স্পিডবোট শ্রমিকদের দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে। এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে বোট চলাচল।

তবে বরিশাল ঘাটে কী নিয়ে বা কার সঙ্গে এ দ্বন্দ্বে স্পিডবোট বন্ধ রাখা হয়েছে তা নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না।

এদিকে, নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে বোট মালিক পক্ষও চালাচ্ছেন না কোনও বোট। ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পাটোয়ারি বলেন, ‘ভোলার ভেদুরিয়া ঘাটে কোনও সমস্যা নেই। তবে বরিশালের ঘাটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। তারা বোট চালাতে নিষেধ করেছে, তাই আমরাও বোট চালাচ্ছি না। বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকার পরও আমরা বোট চালাতে পারছি না।’ তবে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) শহিদুল ইসলাম বলেন, ‘শুনেছি বরিশাল ঘাটে বোট চলাচল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে, তাই বোট বন্ধ। বিআইডব্লিটিএ স্পিডবোট চলাচলে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading