আমেরিকায় ২৫ শহরে মিমের ‘দামাল’

আমেরিকায় ২৫ শহরে মিমের ‘দামাল’

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৫৫

বাংলা সিনেমার পালে হাওয়া দিয়েছে ‘পরাণ’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেছেন বিদ্যা সিনহা মিম। সেই রেশ থাকতেই এই তারকা হাজির হন তার নতুন সিনেমা ‘দামাল’ নিয়ে। ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসে ছবিটি। মুক্তির মাসখানেক পর আমেরিকায় দ্বিতীয় ধাপে মুক্তি পাচ্ছে ‘দামাল’। সিনেমাটি যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস।

২ ডিসেম্বর ট্রেক্সাস, ফ্লোরিডা, ওহিও,কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, মিশিগান, কানসাস, অ্যারিজোনা, নেভাদা,কলোরাডো, ওকালহোমা, লুজিয়ানা, ম্যাসাচুয়েটস অঙ্গরাজ্যের ২৫ শহরে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৮ নভেম্বর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘দামাল’ সিনেমার প্রিমিয়ার হয়। সেখানে সিনেমাটি দেখে উচ্ছ্বসিত হন দর্শকরা। বিজয়ের মাসে এই সিনেমাটি দ্বিতীয় ধাপে মুক্তি দিতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। এরইমধ্যে সিনেমাহলগুলোতে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। আশা করছি, এটি আমেরিকার আলোড়ন সৃষ্টি করবে।”

আমেরিকায় সিনেমাটি তৃতীয় ধাপে মুক্তি পাবে আগামী ৯ নভেম্বর। ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, বাল্টিমোর, নিউ জার্সি, লং বিচ, পোর্টল্যান্ড, আটলান্টা, শিকাগো, ইন্ডিয়াপোলিস, বার্মিংহাম, টাম্পাসহ ৩৪টি শহরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে তখন।

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ জানিয়েছেন, আগামী দুই সপ্তাহে ৫৯টি হলে আমেরিকার প্রবাসী বাঙালিরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।

মিম নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দামালে’র আমেরিকায় মুক্তির সংবাদ দিয়েছেন। যেসব শহরে সিনেমাটি চলবে ওই শহরগুলোর তালিকা নিজের ফেসবুকে দিয়েছেন তিনি।

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফি। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা।

মিম ছাড়াও এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading