‘সোহরাওয়ার্দীতেই বিএন‌পিকে সমাবেশ করতে হবে’

‘সোহরাওয়ার্দীতেই বিএন‌পিকে সমাবেশ করতে হবে’
dnp_ডিএমপি

উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:২০

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চায় বিএন‌পি। এজন‌্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (‌ডিএম‌পি) কাছে অনুম‌তি চেয়ে আবেদন করে দল‌টি।

পু‌লিশ নিরাপত্তাসহ নানা বিষয় পর্যবেক্ষ‌ণ করে সোহরাওয়ার্দী উদ‌্যানে ২৬ শ‌র্তে সমা‌বে‌শের অনুম‌তি দি‌য়ে‌ছে। ত‌বে বিএন‌পি এখন পর্যন্ত নয়াপল্ট‌নেই সমা‌বেশ কর‌তে চায়।

এ বিষ‌য়ে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা যেখানে অনুমতি দিয়েছি সেখানেই তারা সমাবেশ করবে আশা করি। এখনো সময় আছে, বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে আশা করি।’

শ‌নিবার রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সমা‌বে‌শকে কেন্দ্র ক‌রে পু‌লি‌শি অবস্থা‌নের বিষ‌য়ে জান‌তে চাই‌লে তি‌নি এই কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, আগামী ১০ ডিসেম্বরকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

বিশেষ অভিযানের নামে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে পুলিশ প্রধান জানান, আইনের মধ্যে থেকে কাজ করে যাচ্ছেন তারা। নিয়মের বাইরে কাউকে গ্রেপ্তার করছে না পুলিশ।

গত বৃহস্পতিবার ‘গায়েবি’ ও ‘মিথ্যা’ মামলা এবং বিশেষ অভিযানের নামে নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, ‘পলাতক জঙ্গিদের ধরতে আভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে। আর বিএনপি যে অভিযোগ দিয়েছে এগুলো খতিয়ে দেখছি।’

বিএনপি ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে গণসমাবেশ করতে চায়। আর আওয়ামী লীগ, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই দিন সোহরাওয়ার্দী উদ্যানেই বিএনপিকে সমাবেশ করার জন্য বলে আসছে। নয়াপল্টনে বিএনপি সমাবেশ করার জন্য অনড় থাকলে আওয়ামী লীগ ও সরকারের কৌশল কী হবে, এ নিয়ে চলছে নানা আলোচনা।

সরকারের একটি সূত্র জানিয়েছে, ৯ ডিসেম্বর থেকে নয়াপল্টনে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেবে। এমনটা হলে সেখানে বিএনপি সমাবেশ করতে পারবে না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ‌্যম‌কে বলেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। তারা সেখানেই সমাবেশ করবে।

বিএনপি এখন পর্যন্ত নয়াপল্টনেই সমাবেশ করতে চায়। এ ক্ষেত্রে পুলিশের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ৯, ১০ তারিখ আসুক, তখন বোঝা যাবে। নয়াপল্ট‌নে পু‌লি‌শের অবস্থানের বিষ‌য়ে তি‌নি বলেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হ‌বে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading