ফিরে দেখা ৪ ডিসেম্বর ১৯৭১: আসতে থাকে বিজয়ের খবর

ফিরে দেখা ৪ ডিসেম্বর ১৯৭১: আসতে থাকে বিজয়ের খবর

রবিউল ইসলাম । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৭:৩৫

বিজয়র মাস ডিসেম্বর। লাখো শহীদের রক্তে রঞ্জিত। ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হওয়া পর থেকে ১৬ ডিসেম্বর ১৯৭১। এ সময়ের মধ্যে শহীদ হন লাখ লাখ বীর বাঙালি। একাত্তরের ৪ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে হানাদার বাহিনীর পরাজয়ের খবর আসতে থাকে। ডিসেম্বরের এদিন দখলদার মুক্ত হয়-দিনাজপুরের ফুলবাড়ী, গাইবান্ধার ফুলছড়ি, দামুড়হুদা, জীবননগর, বকশীগঞ্জ, লক্ষ্মীপুরসহ আরও কিছু এলাকা।

এদিন ইন্ডিয়ান সেনা, নৌ ও বিমানবাহিনী বাংলাদেশে পাকিস্তান দখলদার বাহিনীর ওপর প্রচণ্ড আক্রমণ চালায়। চতুর্দিক থেকে ইন্ডিয়ান সেনাবাহিনী এগিয়ে আসে। ঢাকা চট্টগ্রাম করাচি-শত্রুর ঘাঁটিতে ঘাঁটিতে চলে বোমাবর্ষণ। ঢাকা ও চট্টগ্রামের আকাশে চলে জোর বিমান যুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতি অঙ্গনে ৪ ডিসেম্বর ১৯৭১ দিনটি বাংলাদেশের জন্য ছিল অস্থিরতা আর উদ্বেগের। কারণ পাকিস্তানের পক্ষে আমেরিকার প্রতিনিধি সিনিয়র জর্জ বুশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। এমন উৎকণ্ঠাময় অবস্থায় বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ লিখিতপত্রে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

১৯৭১ সালের ৪ ডিসেম্বরে মুক্তিযুদ্ধ এক ভিন্ন মাত্রা পেতে শুরু করে। মুক্তিকামী বীর বাঙালির হানাদারবাহিনীকে পরাজিত করতে দেহের রক্ত যেন টগবগিয়ে ফুটছে। একাত্তরের রক্তঝরা এই দিনে চারিদিকে বীর বাঙালির বিজয়, আর পাকহানাদার বাহিনীর পরাজয়ের খবর। দেশের বিভিন্ন স্থানে পর্যুদস্ত হতে থাকে উর্দুভাষী হানাদাররা। দেশের বিভিন্ন অঞ্চল মুক্ত হতে থাকে। সেই বিজয়ের বার্তা যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের করে তোলে আরো অপ্রতিরোধ্য। ১৯৭১ সালের এদিন থেকেই শুরু হয়ে যায় মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক যুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সঙ্গে রয়েছে ভারতীয় মিত্র বাহিনী। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী চারদিক দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে। কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে থাকে।

লেখক: সিনিয়র সাংবাদিক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading