ফ্রান্সের আজ বাঁচা-মরার লড়াই: এমবাপ্পের সামনে নতুন ইতিহাসের হাতছানি
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৪৭
কাতার বিশ্বকাপের নকআউটের বাঁচা-মরার লড়াইয়ে আজ পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে দু’দল। দারুণ ফর্মে থাকা এমবাপ্পে নতুন কোনো রেকর্ড গড়েন নাকি অঘটনের শিকার হন সেখানেই চোখ ফুটবল বিশ্বের। বিস্তারিত লিখেছেন আরাফাত সিফাত
নকআউটের চাপ,প্রস্তুত ‘ফিট’ ফ্রান্স: পোল্যান্ডের বিপক্ষে নকআউটের ম্যাচে পূর্ণশক্তির ফ্রান্সকে দেখা যাবে বলে জানিয়েছে ম্যানেজমন্টে। গোলরক্ষক আলফোনসে আরেয়োলা পিঠের ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ। গোঁড়ালির ইনজুরিতে থাকা থিও হার্নান্দেজও আজ পুরো ফিট থাকবেন বলে আশা করা হচ্ছে। তিউনিশিয়ার সঙ্গে মূল দলে না খেলা এমবাপ্পে, গ্রীজম্যান, ডেম্বলে ও অলিভার জিরুদ আবারও ফিরে আসছেন। মধ্যমাঠে জর্ডান ভেরেটুট ও ইউসুফ ফোফানার জায়গায় অরেলিয়েন টিচুয়ামেনি ও আদ্রিয়ের রাবোয়িতের ফেরার সম্ভাবনাই বেশি। ১৯৯৮ ও ২০১৮ বিশ্বচ্যাম্পিয়ন দলটি এনিয়ে প্রথমবারের মত টানা তিনটি আসরে নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো। লেস ব্লুজরা সর্বশেষ পাঁচটি শেষ ষোলর ম্যাচেই জয়ী হয়ে শেষ আটের টিকিট পেয়েছে। ৪০ বছর আগে সর্বশেষ ১৯৮২ সালে একটি প্রীতি ম্যাচে পোল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল ফ্রান্স। এরপর টানা সাত ম্যাচে তাদের বিরুদ্ধে অপরাজিত ছিল লেস ব্লুজরা। আর তাই আজকের ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না তারা।

ফ্রান্স কোচের আশাবাদ,দৃশ্যপট বদলে দেবে এমবাপ্পে: ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম তার সেরা অস্ত্র এমবাপ্পেকে নিয়ে বলেছেন, কিলিয়ান অসাধারণ ফুটবলার। যে কোনো পরিস্থিতি থেকে দৃশ্যপট বদলে দেয়ার সামর্থ্য তার রয়েছে। প্রতিপক্ষ দল এ ফুটবলারকে থামানোর চেষ্টা করার পরও সে যে কোনো পরিস্থিতি থেকে দলকে টেনে তুলতে পারে। তিনি আরও বলেন, কিলিয়ানের তেমন ইগো নেই। সে একজন কার্যকরী খেলোয়াড়, দলীয় খেলোয়াড়ও। অবশ্যই সে একজন তারকা কিন্তু তার বয়স এখন আর ১৮ নেই। সে এখন আগের চেয়ে অভিজ্ঞ। দলের বাকিদের প্রশংসা করে তিনি বলেন, বাস্তবতা হচ্ছে, এমবাপ্পের পাশে আমাদের যে ফুটবলার রয়েছেন তারাও বিপজ্জনক। যে কোনো ম্যাচে ভূমিকা রাখা ও দৃশ্যপট বদলে দেওয়ার সামর্থ্য তাদেরও আছে।
মাঠে নামলেই মাইলফলক : রাশিয়া বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন কাতার বিশ্বকাপ যেন সেখান থেকেই শুরু করেছেন কিলিয়েন এমবাপ্পে। পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছেন ফরাসি এ তারকা। গড়ছেন নতুন নতুন সব রেকর্ড। ডেনমার্কের বিরুদ্ধে এমবাপ্পের জোড়া গোল করে স্বদেশি জ্যা ফঁতের পর বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করার মাইলফলক স্পর্শ করেন তিনি। যা গেল ৬০ বছরের মধ্যে প্রথম। শুধু তাই নয়, ডেনমার্কের বিরুদ্ধে জোড়া গোল এমবাপ্পেকে বসিয়েছে পেলের পাশে। পিএসজি তারকার বয়স এখনো ২৪ পূর্ণ হয়নি। তার আগেই বিশ্বকাপে ৭ গোল করে ফেললেন। এত কম বয়সে এই কীর্তি কেবল ফুটবল ‘সম্রাট’ পেলেরই ছিল। পেলের পর দ্বিতীয় টিনেজার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোল করার কৃতিত্ব দেখান এমবাপ্পে। বিশ্বকাপের পর আরো জোরে ছুটছেন এমবাপ্পে। গেল চার বছরে তার পরিসংখ্যান দেখলেই সেটি স্পষ্ট। এই সময়ে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ২০টি গোল করেছেন এমবাপ্পে। দুর্দান্ত পারফরম করেছেন পিএসজির হয়ে। এই গতিময় এমবাপ্পেকে থামানোর সাধ্যি কার আছে!

‘ইতিহাস গড়তে চাই সবটুকু গড়তে চাই’: সবশেষ ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের মধ্যমনি ছিলেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র ১৯ বছর বয়সী এই তারকার জাদুকরি পারফরম্যান্সে মুগ্ধ ছিলো গোটা বিশ্ব। চলতি বিশ্বকাপ আসরে নিজেকে আরও পরিণত করেই কাতার এসেছেন এমবাপ্পে। এবারের আসরে ইতোমধ্যে গোলের দেখাও পেয়েছেন তিনি। গ্রুপ পর্বেই তিনবার জালের দেখা পেয়েছেন তিনি। তাতেই স্পষ্ট কতটা ভয়ঙ্কর হতে পারেন এই জাদুকর। আর শিরোপা ধরে রাখার তাগিদ দিয়ে এই তারকা সম্প্রতি বলেছেন, পরপর দুবার বিশ্বকাপ জেতা খুবই কঠিন। তবে আমি যদি ইতিহাস লিখতে চাই, এমন কিছু করতে হবে, যা কেউ করেনি। তাই আমরা চেষ্টা করব। আমি মনে করি, আমাদের দল বেশ ভালো। ঐক্যবদ্ধভাবে আমরা দারুণ। কোচও তাই। আর দেশের মানুষ আমাদের পাশে আছে। তিনি আরও বলেন, নিজের সামর্থ্যকে আরও বাড়াতে চাই। আমার জন্য, আমি বিশ্বকাপ জিতেছি মানে সেখানেই সব শেষ নয়।
ইউডি/এজেএস

