একটি জনসভায় সরকারের অদলবদল হয় না : ইনু
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:২৬
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপির ১০ ডিসেম্বরের জনসভাকে কেন্দ্র করে বক্তব্য ও পাল্টা বক্তব্যে দেশে উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু এটি নিয়ে রাজনৈতিক মাথাব্যথার কোনো কারণ দেখি না। কেননা একটি জনসভায় সরকারের অদলবদল হয় না।’
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজে ‘বিজয়ের পঞ্চাশ বছর, বাঙালির অর্জন, ভবিষ্যত করণীয়’ শীর্ষক আলোচনায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘এই সময়ে অর্থনৈতিক সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো সংবিধান রক্ষা, সঠিক সময়ে নির্বাচন এবং যেকোনো মূল্যে রাজাকার, জামায়াত ও জঙ্গি গোষ্ঠীকে ক্ষমতার বাইরে রাখা।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন বিএনপি-জামায়াতের এজেন্ডা নয়, তাদের এজেন্ডা হলো সরকার উৎখাত করে ক্ষমতা দখল এবং এর আড়ালে কৌশলে জামায়াত, রাজাকার ও জঙ্গিদের পুনরুজ্জীবিত করা। এজন্য তারা সংকট মোকাবিলায় কোনো প্রস্তাব না দিয়ে সংবিধান উচ্ছেদ করতে চাচ্ছে। এটি বিপদ সংকেত। এরকম পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল স্বপক্ষের শক্তিকে সতর্ক থাকতে হবে।’
পরে হালসা আদর্শ কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন হাসানুল হক ইনু।
ইউডি/এআই

