প্রেমিককে বিয়ে করলেন হংসিকা
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৪০
বিয়ে করেছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা হাংসিকা মোতওয়ানি। পাত্র সোহেল কাঠুরিয়া। বিয়ের আগে দীর্ঘদিন তারা প্রেমের সম্পর্কে ছিলেন।
রবিবার জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং দুই পরিবারের সদস্যরা বিয়েতে উপস্থিত ছিলেন।
এখনও বিয়ের কোনো ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি হংসিকা-সোহেল। তবে অভিনেত্রীর ফ্যান পেজে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। তা ছাড়াও বিয়ের অনুষ্ঠানের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। একটি ভিডিওতে দেখা যায়, বধূ বেশে বসে আছেন হংসিকা। আর সোহেল কাঠুরিয়া দাঁড়িয়ে হংসিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন।
হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’ সিনেমায় শিশুশিল্পী টিনার চরিত্র অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন হংসিকা।
ভারতীয় টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তামিল-তেলেগু ভাষার সাতটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।
ইউডি/কেএস

