চট্টগ্রামের জনসভায় ২০ লাখ মানুষ হয়েছে: আ জ ম নাছির

চট্টগ্রামের জনসভায় ২০ লাখ মানুষ হয়েছে: আ জ ম নাছির

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৫০

চট্টগ্রামের জনসভায় পলোগ্রাউন্ড মাঠে ২০ লাখ মানুষের সমাগম হয়েছিল বলে দাবি করেছেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে জেলা আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে তিনি এ সংখ্যার কথা জানান।

বিএনপি বলেছে নভেম্বরে ওই একই মাঠে তাদের জনসভায় তিন লাখ লোকের সমাগম হয়েছিল। রোববার আওয়ামী লীগের জনসভায় কত লোক হয়েছে তা নাছিরের কাছে জানতে চেয়েছিলেন একজন গণমাধ্যমকর্মী।

উত্তরে আ জ ম নাছির বলেন, ‘আপনাদের একজন সাংবাদিক বলেছেন ১০ লাখ। আমি তো বলি ২০ লাখ ছাড়িয়ে গেছে। মাইক অনেক দূর দূরান্ত পর্যন্ত দিয়েছি।’

সাংবাদিকদের প্রশ্নে নাছির বলেন, ‘গতকালের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। জনসভার মঞ্চ থেকে আমরা মাঠের চিত্র দেখেছি। পরে আমরা বাইরের অবস্থা দেখেছি। অনেকের বক্তব্য হলো, ইতোপূর্বে যতগুলো জনসভা হয়েছে এতবড় আর হয়নি।’

তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আরেকটি বিষয় হলো, রাঙামাটি, ফেনীসহ চট্টগ্রামের বাইরে থেকে অনেকে আসতে চেয়েছিলেন। আমরা নিষেধ করেছি। দায়িত্ব নিয়ে বলছি, একজনও চট্টগ্রামের বাইরে থেকে আসেনি। সবাই চট্টগ্রাম জেলার মানুষ। চট্টগ্রামবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।’

এর আগে সংবাদ সম্মেলনে নাছির বলেন, ‘প্রধানমন্ত্রী জনসভা দেখে আবেগাপ্লুত হয়েছেন এবং খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন, তোমরা তো বাইরের অবস্থা দেখোনি। হেলিকপ্টার দিয়ে কয়েকবার উপর থেকে নাকি উনি দেখেছেন।’

‘প্রধানমন্ত্রী একাধিকার, এমনকি সভাস্থল ত্যাগের পূর্বে ১০ মিনিটের বেশি সময় আমাদের সঙ্গে কথা বলেছেন। এত বেশি খুশি তিনি হয়েছেন। এটা আমাদের চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলার সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ’, বলেন নাছির।

দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, ‘জনসভায় উপস্থিতি দেখে প্রধানমন্ত্রীও খুশি। চট্টগ্রামে মেট্রোরেল, কালুরঘাট সেতুসহ আর কী কী করবেন তাও বলেছেন। চট্টগ্রামবাসী যা আশা করেছিলাম, তার চেয়ে বেশি তিনি করেছেন।’

অন্যদের মধ্যে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তরের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, এমপি মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা সফর আলী ও দেবাশিষ পালিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading