বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের নিয়মে পরিবর্তন, ‍উদ্বোধনীতেও থাকছেন শাকিরা

বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের নিয়মে পরিবর্তন, ‍উদ্বোধনীতেও থাকছেন শাকিরা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ জুন, ২০২৬, আপডেট ১৮:১৪

এতদিন আন্তর্জাতিক ফুটবলে জাতীয় সঙ্গীত চলাকালে কেবল শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের মাঠে নামতে হতো। কোচিং স্টাফসহ বাকিরা দাঁড়াতেন দলের ডাগআউটের সামনে। তবে এবারের ২০২৬ বিশ্বকাপে ফুটবলের এই রীতিতে পরিবর্তন দেখা যাবে। মেগা টুর্নামেন্টটিতে স্কোয়াডের আকার ২২ থেকে বাড়িয়ে ২৬ করা হয়েছে, জাতীয় সঙ্গীতের সময় তাদের সবাইকে মাঠে নামতে হবে।

১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের ২৩তম আসর বসবে। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের সঙ্গে লড়বে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্রথমবার স্কোয়াডের প্রত্যেক সদস্যকে মাঠে নামতে হবে জাতীয় সঙ্গীতের সময়। আর দুই দলের খেলোয়াড়রা বৃত্তাকার হয়ে মুখোমুখি দাঁড়াবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ফিফা বিশ্বকাপ যেহেতু বিস্তৃত হচ্ছে, আমরা খেলাটি উপভোগের পদ্ধতিতেও নতুনত্ব যোগ করছি। জাতীয় সঙ্গীতের সময় সকল খেলোয়াড় ও রেফারি মুখোমুখি হয়ে মাঝখানের বৃত্তে দাঁড়ানোর মাধ্যমে ঐক্য, গর্ব এবং প্রত্যেক দল ও খেলোয়াড়ের আবেগের প্রতিফলন ঘটবে। সকল খেলোয়াড় এবং ভক্তদের নিয়েই ফিফা বিশ্বকাপ এবং ম্যাচ পূর্ববর্তী এই আয়োজনে সেটা ফুটে উঠবে।’

এবারের বিশ্বকাপে এটাই প্রথম নতুন উদ্ভাবন নয়, এর আগে ফিফা বিশ্বকাপ ফাইনালের বিরতির সময় সুপার বোল–এর ধাঁচে একটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল, যেখানে ম্যাডোনা ও শাকিরার মতো তারকারা অংশ নেবেন। ফিফার এই মেগা ইভেন্টে ইতিহাসে প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে ১০৪ ম্যাচের বড় মহাযজ্ঞ চলবে। প্রথমবারের মতো বিশ্বকাপ আসর বসছে তিন দেশে এবং উদ্বোধনী অনুষ্ঠানও তিন দেশে হবে পৃথকভাবে।

এদিকে, আগে বলা হয়েছিল বিশ্বকাপের থিম সং গাওয়া শাকিরা ও বার্না বয় ফাইনালের বিরতিতে সঙ্গীত পরিবেশন করবেন। এবার বলা হচ্ছে– মেক্সিকোয় ১১ জুন হতে যাওয়া উদ্বোধনী ম্যাচেও থাকছেন তারা। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনীতেও প্রখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন। এ ছাড়া ১২ জুন কানাডায় আসরের প্রথম ম্যাচের আগে মাইকেল বুবলে ও অ্যালানিস মোরিসেত্তে এবং পরদিন আমেরিকা প্রথম ম্যাচের আগে ক্যাটি পেরি ও ফিউচার ইন লস অ্যাঞ্জেলস ব্যান্ডের পরিবেশনা রয়েছে।

বিশ্বকাপের ম্যাচ চলাকালে মাঠেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে। কর্নার এবং দ্বিতীয় হলুদ কার্ড পর্যালোচনার জন্য ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) থাকবে, পাশাপাশি গোল কিক ও থ্রো-ইনের জন্য থাকবে সময়সীমা এবং প্রতিটি অর্ধে তিন মিনিটের ড্রিঙ্কস ব্রেক থাকবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading