অজ্ঞান পার্টি: সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ

অজ্ঞান পার্টি: সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ

মুনতাসির গুলবেদিন । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৯:৩০

রাজধানীসহ সারা দেশে বেপরোয়া অজ্ঞান পার্টি। অজ্ঞান পার্টির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র থেকে জানা যায়, প্রতি মাসে ১৫ থেকে ২০ জন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সেখানে চিকিৎসার জন্য যায়। গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে দুই শতাধিক মানুষ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। এদের অনেকেই দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

যাত্রীবাহী বাস, ট্রেন, লঞ্চ, ফেরি-ফেরিঘাট, বাস টার্মিনাল, রেলস্টেশন কোথাও নিরাপদ নয় কেউ। হকার কিংবা সহযাত্রী- বন্ধু সেজে সাধারণ মানুষের সবকিছু কেড়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এদের দৌরাত্ম্য থামাতে পুলিশের একটি বিশেষ দল মাঠে কাজ করছে। অনেককে ধরে আইনের আওতায় আনা হয়েছে। তবে তাদের কোনোভাবেই নির্মূল করা যাচ্ছে না। এ জন্য পথচারী বা যাত্রী সবাইকে সতর্ক হতে হবে। অজ্ঞান পার্টির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে টাকা-পয়সাসহ মূল্যবান কাগজপত্র হারাচ্ছে সাধারণ মানুষ। অজ্ঞান পার্টির সদস্যদের খাওয়ানো নেশাজাতীয় দ্রব্যের বিষক্রিয়ায় আবার কেউ কেউ প্রাণও হারান।

এর নেপথ্যে রয়েছে তিন কারণ- অসচেতনতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকটাই ঝিমিয়ে পড়া ও এই প্রতারণায় সহজ সাজা ও জামিন। আমরা মনে করি, প্রয়োজনে আইনের ধারায় পরিবর্তন আনতে হবে। যাতে এদের দৌরাত্ম্য কমে আসে। এটা সত্য, অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা বেশির ভাগই গণপরিবহণ ও ভাসমান অবস্থায় অপরাধ করে। তাই এসব চক্র থেকে রক্ষায় জনসাধারণকেই বেশি সতর্ক হতে হবে। বিশেষ করে চলার পথে কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক ও খাওয়া থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। এদের হাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। তবে যারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তারা ঝামেলা এড়াতে অনেকে মামলা করে না। আবার মামলা বা গ্রেপ্তার হলেও স্বল্প সাজা ও জামিনে বের হয়ে যায় তারা।

আমরা মনে করি এসব প্রতারণায় আইন অবশ্যই কঠোর থেকে কঠোরতর হওয়া উচিত। তাহলে এ ধরনের অপরাধ অনেকটা কমে আসবে। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতার কারণেও অনেক সময় অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে যায়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ ও সচেতন থাকা জরুরি। সর্বোপরি অজ্ঞান পার্টির তৎপরতা রোধে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ জরুরি।

লেখক: কলামিস্ট।

ইউডি/আতা/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading