ব্যাংকে টাকা আছে, সমস্যা নেই: প্রধানমন্ত্রী

ব্যাংকে টাকা আছে, সমস্যা নেই: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৯

দেশের প্রতিটি ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্যাংকে টাকা আছে, সমস্যা নেই। কেউ গুজবে কান দেবেন না।’

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের জাতীয় সম্মেলনে এ কথা বলেন সরকার প্রধান। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

শেখ হাসিনা বলেন, ‘ব্যাংকে টাকা নেই বলে মানুষ টাকা তুলে ঘরে নিচ্ছে যাচ্ছেন। আমি বলতে চাই, কিছু গুজব ছড়াচ্ছে। এসডিজি সচিব, অর্থ সচিব ও আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমি কথা বলেছি। সকালে আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমাদের কোনো সমস্যা নেই, প্রতিটি ব্যাংকেই টাকা আছে। গুজবে কেউ কান দেবেন না। একটা শ্রেণি আছে তারা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়।’

দেশে দারিদ্রের হার কমেছে বলে সম্মলনে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। কিন্তু দেশে মানুষের খাবারে অভাব নেই। প্রচুর পরিমাণ খাবার আছে, উৎপাদনও ভালো। প্রত্যেকটা জিনিস আমরা আগে থেকে লক্ষ্য রাখি, ব্যবস্থাও নিচ্ছি।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমি ইংল্যান্ডের কথা জানি, দোকানে গেলে একটা পরিবার এক প্যাকেটের বেশি ডিম নিতে পারবে না। একটার বেশি পাউরুটি কিনতে পারবে না। সব কিছুই রেশন পদ্ধতিতে চলছে। বিদ্যুতের মূল্য দেড়শ গুণ বেড়েছে। ওই অবস্থা থেকে আমাদের বাংলাদেশ অনেক ভালো অবস্থায় আছে। তারপরও আমি বলবো, বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিলে একটা মন্দা আমাদের দেশেও লাগবে। কাজেই আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে।’

সরকার প্রধান বলেন, ‘খাদ্য যেমন উৎপাদন করতে হবে, বিদ্যুৎ পানি, জ্বালানি তেল সব কিছু ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। আগামী দিনে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা, সেটির ধাক্কা যেন বাংলাদেশে না লাগে; সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে।’

ছাত্রলীগের ৩০তম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয়। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading