গোল উৎসবে ১৬ বছর পর কোয়ার্টারে পর্তুগাল
উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:০৫
সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। ২১ বছর বয়সী অভিষিক্ত রামোসের হ্যাটট্রিকে অতি সহজেই শেষ আটে পা রেখেছে পর্তুগাল। এবারের বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক।
রামোসের হ্যাটট্রিক বাদে একটি করে গোল করেছেন পেপে, রাফায়েল জুরেরিও ও রাফায়েল লিও। শুরুর একাদশে ছিলেন না রোনালদো। তাকে ছাড়া পর্তুগালের জিততে একটুও বেগ পেতে হয়নি। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো।
মাঠে নেমে ৩ মিনিটেই গোল
ব্রুনো ফার্নান্দেজকে তুলে ৮৭ মিনিটে কোচ সান্তোস মাঠে নামিয়েছিলেন রাফায়েল লিওকে। মাঠে নেমে তিন মিনিটেই গোলের দেখা পেয়ে যান এই পর্তুগিজ। রাফায়েল জুরেরিওর কাট করা বল নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে ডানপায়ে বাঁকানো শটে গোল করেন লিও। বিশ্বকাপে প্রথম ম্যাচেও গোল পেয়েছিলেন এই বদলি খেলোয়াড়।
৭৩ মিনিটে মাঠে নামলেন রোনালদো
ফেলিক্সকে তুলে ম্যাচের ৭৩ মিনিটে রোনালদোকে মাঠে নামালেন কোচ সান্তোস। তখন পুরো স্টেডিয়ামে গগনবিদারী চিৎকার। রোনালদোকে মাঠে নামতে দেখে ভক্তরা উল্লাসে ফেটে পড়েছেন। টানা ৩১ ম্যাচ পর প্রথম কোনো মেজর প্রতিযোগিতায় শুরুর একাদশে ছিলেন না রোনালদো। শেষ ম্যাচে কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন সিআর সেভেন।

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক রামোসের
নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন গঞ্জালো রামোস। ২১ বছর বয়সী এই ফুটবলার ৬৭ মিনিটে নিজের তৃতীয় গোলের দেখা পান। গোল রক্ষক দিয়াগো কস্তার লং পাসে মধ্যমাঠে বল পান বার্নাডো সিলভা। তার বাড়ানো বল ডি বক্সের কাছে পান ফেলিক্স। ততক্ষণে রামোস বক্সের ভেতরে। ফেলিক্স তাকে দেখেই বল বাড়িয়ে দেন। বল রিসিভ করে হাওয়ায় ভাসিয়ে রামোসের গোল করতে কোনো সমস্যাই হয়নি।
পর্তুগাল ৪ – ১ সুইজারল্যান্ড
৫৫ মিনিটে পর্তুগাল চতুর্থ গোলের দেখা পেল। এবার গোল করেছেন রাফায়েল জুরেরিও। কাউন্টার অ্যাটাকে মধ্যমাঠে বল পান রামোস। দৌড়ে ভেতরে ঢুকে ডি বক্সের ভেতরে রাফায়েলকে বল বাড়ান রামোস। সেখানে ফাঁকায় ছিলেন রাফায়েল। ঠান্ডা মাথায় এই লেফট ব্যাক লক্ষ্যভেদ করে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলের স্বাদ পান।
এর তিন মিনিট পরই সুইজারল্যান্ড নিজেদের প্রথম গোল করে। কর্ণার থেকে পাওয়া বলে পা ছুঁইয়ে গোল করেন ম্যানুয়েল আকাঞ্জি। সমতা ফেরাতে সুইসদের আরো তিন গোল করতে হবে।

রামোসের জোড়া গোল, ৩-০ গোলে এগিয়ে পর্তুগাল
বিরতি থেকে ফিরে এসে আবার গোলের দেখা পেয়েছিলেন অভিষিক্ত রামোস। ম্যাচের ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ডানপ্রান্ত থেকে দিয়াগো ডালোটের ক্রস থেকে পা ছুঁয়ে বল জালে পাঠান রামোস। গোলরক্ষক সোমারের পায়ের নিচ দিয়ে বল খুঁজে পায় ঠিকানা। ৩-০ গোলে এগিয়ে তখন পর্তুগাল।
গোল করলেন পেপে, ২-০ গোলে এগিয়ে পর্তুগাল
রামোসের পর গোল করলেন পেপে। ৩৩ মিনিটে তার মাথা ছুঁয়ে আসে দ্বিতীয় গোল। ব্রুনো ফার্নান্দেজের কর্ণার কিক থেকে অসাধারণ টাইমিংয়ে হেড দিয়ে গোল করেন পেপে। নক আউট পর্বে সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড় হিসেবে গোল করার অনন্য কীর্তি গড়েছেন এ খেলোয়াড়।
পর্তুগিজ ডিফেন্ডার এর আগেও একাধিকবার কর্ণার থেকে হেডে গোল করেছেন। ৩৯ বছর বয়সী পেপে নিজের শেষ বিশ্বকাপ খেলতে এসে এমন গোলে নিশ্চয়ই উচ্ছ্বসিত। ২-০ গোলে পিছিয়ে সুইজারল্যান্ড। এখান থেকে ম্যাচে ফিরতে তাদের অলৌকিক কিছুই করতে হবে।
ইউডি/এ

