জর্জ ফ্লয়েডের পিঠে হাঁটু চেপে ধরা পুলিশের কারাদণ্ড

জর্জ ফ্লয়েডের পিঠে হাঁটু চেপে ধরা পুলিশের কারাদণ্ড

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:১৮

আমেরিকার নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত জে আলেকজান্ডার কুয়েং শুক্রবার (৯ ডিসেম্বর) হেনেপিন কাউন্টি জেলা আদালতে হওয়া শুনানিতে ওহিও’র একটি ফেডারেল কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন। ওই কারাগারে তিনি এরই মধ্যে ফ্লয়েডের নাগরিক অধিকার লঙ্ঘনের দায়ে তিন বছরের সাজা ভোগ করছেন।

কুয়েংয়ের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার নরহত্যায় সহায়তা ও মদদ দেওয়ার অভিযোগ আনা হয়। গত অক্টোবরে তিনি অভিযোগ স্বীকার করেন। দুটি দণ্ডের সাজা একসঙ্গে কাটবেন তিনি।

মিনেসোটা অ্যাটর্নি জেনারেল অফিসের প্রতিনিধিত্ব করা সরকারি কৌঁসুলি ম্যাথিউ ফ্রাঙ্ক বলেন, ‘ওই দিন কুয়েং নিছক কোনো দর্শক ছিলেন না। ফ্লয়েডকে সাহায্য করার জন্য কিছু দর্শক যা করার চেষ্টা করেছিলেন, তিনি তার চেয়েও কম করেছিলেন।’

২০২০ সালের ২৫ মে জর্জ ফ্লয়েডকে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। ফ্লয়েড টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা এবং মিনিয়াপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

আটকের পর ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরেন পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। এ সময় ফ্লয়েড বারবার বলতে থাকেন, তিনি নিশ্বাস নিতে পারছেন না। ওই দিন ঘটনাস্থলে থাকা তিন পুলিশ কর্মকর্তার মধ্যে ছিলেন কুয়েংও। চৌভিন যখন ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে ধরেন, তখন কুয়েং তাঁর পিঠে হাঁটু চেপে ধরেছিলেন।

এক পথচারী ফ্লয়েডকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ফ্লয়েডকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর পুলিশের জবাবদিহি ও বর্ণবাদী নিপীড়নের ন্যায়বিচারের দাবিতে আমেরিরকায় ব্যাপক আন্দোলন শুরু হয়। একপর্যায়ে এই আন্দোলন ও বিক্ষোভ বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে।

ফ্লয়েডকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছর শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা চৌভিনকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। থমাস লেন নামের অপর পুলিশ কর্মকর্তাও এ ঘটনায় দোষ স্বীকার করেছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading