নাশকতার চেষ্টা করলেই ব্যবস্থা : বিপ্লব সরকার
উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:১৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন,‘গোলাপবাগে সমাবেশ শেষ করে স্বাভাবিকভাবে ফিরে যাবেন বিএনপি নেতা-কর্মীরা। তবে কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করেন, সরকারি ও জনগণের সম্পদ ভাঙচুরের চেষ্টা করেন, তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
শনিবার (১০ ডিসেম্বর) সকালে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিপ্লব কুমার বলেন, ‘ঢাকা শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য, দুই কোটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহানগর পুলিশ অঙ্গীকারবদ্ধ। আমরা জনগণের জানমালের নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি। তাই সাধারণ মানুষের জানমালের কোনো রকম যেন ক্ষতি না হয়, তাদের ব্যক্তিজীবন এবং তাদের সম্পদ রক্ষা হয়, সেজন্য ডিএমপির প্রতিটি সদস্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জীবন এবং সম্পদ রক্ষার যে দায়িত্ব আমাদের উপরে পড়েছে, আমরা সেটা করতে বাধ্য।’
পুলিশের প্রতিটি সদস্যকে সবসময় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দুই-তিন দিন আগেও পুলিশ সদস্যের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, আঘাত করা হয়েছিল এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। আমি এখানে এসে আমাদের পুলিশ সদস্যদের ব্রিফ করছিলাম, উনারা যেন সর্বোচ্চ সতর্ক থাকে। জনগণের জানমালের কোনও ক্ষতি করতে না পারে এবং আমরা যারা দায়িত্ব পালন করছি, আমাদের যেন কোন ক্ষতি করতে না পারে। এ জন্য আমাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
ইউডি/এ

