‘আওয়ামী লীগ এখন ঘরে ঘরে হামলা করছে’, দাবি আফরোজা আব্বাসের
উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৫৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
তিনি বলেন, ‘আমাদের মহাসচিব ও মির্জা আব্বাসকে জামিন দিল না। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিল। কাল তাদের সাধারণ কয়েদিদের সঙ্গে ওয়ার্ডে রেখেছে। ফ্লোরিং করিয়েছে।’
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
এ সময় আফরোজা আব্বাস বলেন, ‘নয়াপল্টনে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করতে পারি না। অথচ আওয়ামী লীগ ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সমাবেশ করে। ওয়ার্কিং ডে-তে সমাবেশ করে। গার্মেন্টস বন্ধ করে সমাবেশ করে, স্কুল-কলেজ বন্ধ করে দিয়ে সমাবেশ করে।
‘সমাবেশে বেশি লোক দেখানোর জন্য নারী-পুরুষকে জোর করে সমাবেশে আনে। অথচ আমাদের ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিতে চাইলে তারা বাধা দেয়। তারা চেয়েছিল বিএনপি যেন অন্তত ঢাকায় সমাবেশ করতে না পারে। কিন্তু তারা সফল হয়নি। বিএনপি কখনো পরাজিত হয় না’, দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন ঘরে ঘরে হামলা করছে। আপনারা দেখেছেন বিস্ফোরক আইনে ৪৫০ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে। ওবায়দুল কাদের কক্সবাজার বসে বললেন ‘‘পল্টন কার্যালয়ে বিস্ফোরক পাওয়া গেছে’’। তখন পর্যন্ত আপনারা জানেন না, আমরাও জানি না, সাংবাদিক ভাইয়েরাও জানে না। তাহলে তিনি জানলেন কীভাবে। কারণ এই বিস্ফোরক পুলিশের মাধ্যমে তিনি পাঠিয়েছিলেন। সুতরাং সাবধান, এই অন্যায় আর করবেন না।’
মির্জা আব্বাস পত্নী বলেন, ‘আমাদের বাড়ির সামনে দিয়ে ২০০-২৫০ পুলিশের পাহারায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ১৫-২০ জন স্লোগান দেয় ‘‘মির্জা আব্বাসের চামড়া তুলে নেবো আমরা’’, সাহস থাকলে পুলিশ ছাড়া আসেন, সাবধান, স্লোগান দেওয়ার আগে ভাবতে হবে।’
সমাবেশে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
ইউডি/এ

