মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া হবে না: মির্জা আজম
উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:১৮
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসদের কথা ‘ফাঁকা বুলিতে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
বলেছেন, ‘বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একভাগ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষে অবস্থান করছে। আরেক ভাগ আছে বিএনপির নেতৃত্বে আল বদর, আল শামস আর রাজাকারদের সমন্বয়ে।’
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকার সাভারে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আজম আরও বলেন, ‘আজকে বাংলাদেশে কোন শণের ঘর নেই। শেখ হাসিনা এই বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ইউরোপ-আমেরিকায় উন্নীত করতে চান। কিন্তু বিএনপি তা করতে চায় না।
‘শ্রীলঙ্কার অর্থনৈতিক ধস দেখে তারা বাংলাদেশকে শ্রীলঙ্কা ঘোষণা করেছিল। তাদের এই মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া হবে না’, বলেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জনসভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।
ইউডি/এ

